বৃহঃস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩

সংসদ ভবন থেকেই লোডশেডিং শুরুর প্রস্তাব বিরোধী দলীয় নেতার

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৬, ২১:৫১

ছবি: সংগৃহীত

দেশে চলমান বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার ঘোষিত লোডশেডিং কার্যক্রম জাতীয় সংসদ ভবন এলাকা থেকেই শুরু করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, সাধারণ মানুষের দুর্ভোগের সঙ্গে সংহতি প্রকাশ করতে সংসদকেও এই কার্যক্রমের আওতায় আনা উচিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। এ সময় তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী ঢাকায় যে লোডশেডিং চালু করা হচ্ছে, সেটি যেন সংসদ ভবন থেকেই শুরু হয়। ঢাকার অন্যান্য এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ না থাকলে সংসদ এলাকাতেও একই নিয়ম কার্যকর থাকা উচিত।

তিনি আরও বলেন, সংসদ থেকে এ উদ্যোগ শুরু হলে সাধারণ মানুষ বুঝবে, দেশকে সমমর্যাদার ভিত্তিতে পরিচালনার আন্তরিক চেষ্টা রয়েছে।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ মন্তব্য করেন, সংসদের অধিবেশন সচল রাখতে হবে, এটি বন্ধ রাখা সম্ভব নয়। জবাবে বিরোধীদলীয় নেতা ব্যাখ্যা দিয়ে বলেন, তিনি অধিবেশন চলাকালীন সময় নয়, বরং অধিবেশনের বাইরের সময়ের কথাই বোঝাতে চেয়েছেন, যখন সংসদ ভবনে অন্যান্য কার্যক্রম চলে।

এদিন বিদ্যুৎ খাতের সমস্যা সমাধানে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাকে ধন্যবাদ জানান বিরোধীদলীয় নেতা। পাশাপাশি তিনি বিরোধী দলের পক্ষ থেকে কমিটির জন্য পাঁচ সদস্যের নামও প্রস্তাব করেন।

প্রস্তাবিত সদস্যরা হলেন- সাইফুল আলম খান (ঢাকা-১২), নুরুল ইসলাম (চাঁপাইনবাবগঞ্জ-৩), আব্দুল বাতেন (ঢাকা-১৬), মোহাম্মদ আবুল হাসনাত (কুমিল্লা-৪) এবং মুফতি মাওলানা আবুল হাসান (সিলেট-৫)।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top