বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

ক্লিন ও গ্রিন সিটি গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২৬, ১৪:০৩

সংগৃহীত

তারেক রহমান জাতীয় সংসদে বলেছেন, রাজধানী ঢাকা শহরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরীতে রূপান্তর করতে একাধিক সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব পরিকল্পনা তুলে ধরেন।

অধিবেশন পরিচালনা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম রাজধানীর পরিবেশ উন্নয়ন নিয়ে প্রশ্ন করেন।

প্রধানমন্ত্রী জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন-এর মাধ্যমে বর্জ্য ব্যবস্থাপনা, সবুজায়ন, পরিচ্ছন্নতা এবং মশক নিধন কার্যক্রম জোরদার করা হচ্ছে।

তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক করতে ল্যান্ডফিল উন্নয়ন, ল্যান্ডস্কেপিং এবং জিরো ওয়েস্ট ধারণার দিকে অগ্রসর হচ্ছে সরকার। একই সঙ্গে পরিবেশ অধিদপ্তর ঢাকার বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে।

বায়ুদূষণ কমাতে ঢাকায় ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। পাশাপাশি ঢাকার আশপাশের কিছু এলাকায় ইটভাটা কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

সবুজায়নের অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ৫ লাখ বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এছাড়া মেট্রোরেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের খালি জায়গাগুলোতেও গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে।

সরকার আরও জানিয়েছে, ঢাকার চারপাশের নদী ও খাল দূষণ কমাতে শিল্প প্রতিষ্ঠানগুলোতে ইটিপি (Effluent Treatment Plant) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে বহু প্রতিষ্ঠানে এটি বাস্তবায়নও হয়েছে।

সব মিলিয়ে, ঢাকাকে ধাপে ধাপে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব শহরে রূপান্তরের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top