প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়লেন বাবর আলী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ মে ২০২৬, ১১:৩৭

সংগৃহীত

বিশ্বের উচ্চতম পর্বতগুলোর অন্যতম মাউন্ট মাকালু জয় করে নতুন ইতিহাস গড়েছেন বাংলাদেশের পর্বতারোহী বাবর আলী। শনিবার (২ মে) ভোর ৫টা ৪৫ মিনিটে তিনি ৮,৪৮৫ মিটার উচ্চতার এই শৃঙ্গে সফলভাবে আরোহণ করেন।

নেপালের মহালাঙ্গুর হিমালয়-এ অবস্থিত এই পর্বতটি বিশ্বের পঞ্চম উচ্চতম শৃঙ্গ হিসেবে পরিচিত। বাবর আলী এই শৃঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে পা রাখলেন।

‘এক্সপিডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ নামের এই অভিযানের আয়োজন করে পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স। অভিযানে তার সঙ্গে ছিলেন শেরপা গাইড আং কামি শেরপা।

অভিযান ব্যবস্থাপক ফরহান জামানের তথ্য অনুযায়ী, বাবর ৭ এপ্রিল দেশ ছাড়েন এবং দীর্ঘ প্রস্তুতি শেষে বিভিন্ন ক্যাম্প অতিক্রম করে শিখরে পৌঁছান। তিনি ক্যাম্প-২, ক্যাম্প-৩ হয়ে শেষ পর্যায়ে রাতের পর্বতারোহণ করে ভোরে শিখর স্পর্শ করেন।

পর্বতারোহণে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন বাবর আলী এর আগে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট এবং লোৎসে সহ মোট চারটি আট হাজার মিটার উচ্চতার পর্বত জয় করেছেন। এবার মাকালু জয় তার পঞ্চম আটহাজারি সাফল্য।

২০১০ সাল থেকে ট্রেকিং শুরু করা বাবর ২০১৪ সাল থেকে নিয়মিত হিমালয় অভিযানে অংশ নিচ্ছেন। ২০১৭ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নেওয়ার পর তার পর্বতারোহণ ক্যারিয়ার আরও শক্তিশালী হয়।

বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম অক্সিজেন ছাড়াই উচ্চ পর্বত আরোহণসহ তার একাধিক সাফল্য বাংলাদেশের পর্বতারোহণ ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top