ভিভিআইপি প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সকে পথ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৪:০২

ছবি: সংগৃহীত

রাজধানীর তীব্র যানজটের মধ্যেও মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভিভিআইপি প্রটোকল উপেক্ষা করে অসুস্থ রোগীবাহী একটি অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার সুযোগ করে দেন তিনি।

বুধবার (৬ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী সচিবালয়ে যাওয়ার পথে ছিলেন। তার গাড়িবহর যখন বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল, তখন পেছনে সাইরেন বাজাতে থাকা একটি অ্যাম্বুলেন্স তার নজরে আসে।

অ্যাম্বুলেন্সটি যানজটে আটকে আছে বুঝতে পেরে প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নিরাপত্তা কর্মকর্তাদের বহর থামানোর নির্দেশ দেন। তার নির্দেশে দ্রুত প্রটোকল ভেঙে অ্যাম্বুলেন্সটিকে পথ করে দেওয়া হয়। পরে সেটি নির্বিঘ্নে গন্তব্যের দিকে চলে যায়।

সাধারণত ভিভিআইপি চলাচলের সময় সড়কে অন্য যানবাহন আটকে রাখার প্রচলিত নিয়ম থাকলেও, এমন ব্যতিক্রমী উদ্যোগে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাষ্ট্রপ্রধানের এই মানবিক আচরণ জনসেবার এক শক্তিশালী বার্তা বহন করে।

 
 


বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top