বুধবার, ৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩

কুয়ালালামপুরে শ্লীলতাহানির অভিযোগে বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মে ২০২৬, ১৫:১৩

সংগৃহীত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এর বিভিন্ন রেল স্টেশনে অন্তত পাঁচজন নারীর সঙ্গে শ্লীলতাহানির অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির বয়স ৪১ বছর। বুধবার (৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন কুয়ালালামপুরের পুলিশ প্রধান ফাদিল মারসুস।

পুলিশ জানায়, গত এপ্রিল থেকে মে মাসের শুরু পর্যন্ত সময়ে এলআরটি কুয়ালালামপুর-এর চান সো লিন স্টেশন, এমআরটি কুয়ালালামপুর-এর মালুরি চেরাস এবং তামান মিদাহ স্টেশনে ২১ থেকে ২৮ বছর বয়সী পাঁচজন নারীর সঙ্গে তিনি ‘অশালীন আচরণ’ ও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত হন।

দীর্ঘ তদন্তের পর সিসিটিভি ফুটেজ ও তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে শনাক্ত করে গ্রেপ্তার করে। এরপর মঙ্গলবার (৫ মে) তাকে আদালতে হাজির করা হয়।

অভিযোগে তার বিরুদ্ধে দণ্ডবিধির ৩৫৪ ধারায় পাঁচটি পৃথক মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাত বা একাধিক শাস্তির সম্ভাবনা রয়েছে।

ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top