রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

জনগণের অঙ্গীকার ভঙ্গ করেছে সরকার: জামায়াত আমির

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৮:২০

ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার জনগণের কাছে দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং তাদের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না।

শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ আসনের উপনির্বাচনে সহিংসতায় আহতদের দেখতে গিয়ে এসব কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের রাজনীতিতে অতীতেও সহিংসতা ও অস্থিরতা ছিল, তবে সাম্প্রতিক ঘটনাগুলো হতাশাজনক। তিনি প্রশ্ন তোলেন, “জুলাইয়ে এত মানুষের প্রাণ গেল, এরপরও কেন রক্ত ঝরতে হবে?” তার মতে, রাজনীতিতে সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধা ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা জরুরি।

উপনির্বাচনের প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, শেরপুর ও বগুড়ার নির্বাচনে ব্যাপক অনিয়ম, জালিয়াতি ও সহিংসতা ঘটেছে। বিশেষ করে শেরপুর-৩ আসনের ঘটনা অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করেন তিনি। আহতদের অনেকের অবস্থা গুরুতর বলেও জানান।

স্বাস্থ্যসেবা ব্যবস্থার সমালোচনা করে জামায়াত আমির বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ধারণক্ষমতার অতিরিক্ত রোগী ও অব্যবস্থাপনা সরকারের স্বাস্থ্যখাতে অবহেলার চিত্র তুলে ধরে।

সংসদ কার্যক্রম নিয়েও সমালোচনা করেন তিনি। বলেন, অতীতে সংসদে জনকল্যাণের চেয়ে ব্যক্তিগত আক্রমণ ও সময় অপচয় বেশি হয়েছে। জনগণের করের টাকায় পরিচালিত সংসদে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

এ সময় স্থানীয় জামায়াত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top