সংরক্ষিত আসনে বিএনপির ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার নিলেন তারেক রহমান
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৬, ২১:৫০
সংরক্ষিত নারী আসনে ত্রয়োদশ জাতীয় সংসদে কারা সংসদ সদস্য হবেন তা নির্ধারণে চূড়ান্ত বাছাই প্রক্রিয়া শুরু করেছে বিএনপি।
শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে প্রথম ধাপে পাঁচ বিভাগের প্রায় ৪০০ জন মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এতে সভাপতিত্ব করেন মনোনয়ন বোর্ডের চেয়ারম্যান তারেক রহমান।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
দুপুরের পর থেকেই কার্যালয় এলাকায় প্রার্থীদের উপস্থিতিতে পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে। বিকেল ৩টার দিকে তারেক রহমান কার্যালয়ে প্রবেশ করেন এবং সোয়া ৩টায় তাঁর সভাপতিত্বে সাক্ষাৎকার পর্ব শুরু হয়।
দুই দিনের এই সাক্ষাৎকার পর্বের প্রথম দিনে রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগের প্রার্থীদের সঙ্গে আলোচনা ও মূল্যায়ন করা হয়।
দলীয় সূত্রে জানা যায়, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে প্রার্থীদের আন্দোলন-সংগ্রামে ভূমিকা, দলের প্রতি অবদান এবং সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ততা মূল্যায়ন করা হচ্ছে। বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা সংসদে ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
আগামীকাল শনিবার দ্বিতীয় দিনে চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারী আসন বাছাইয়ে স্থায়ী কমিটি ও মনোনয়ন বোর্ড যথাযথ মূল্যায়ন করবে এটাই তাদের প্রত্যাশা।
তিনি আরও বলেন, দীর্ঘ দুঃসময় পেরিয়ে গণতান্ত্রিক পরিবেশে ফিরে আসার সুযোগ তৈরি হয়েছে। অনেকেই বিভিন্ন সময় হয়রানির শিকার হয়েছেন। যাদের সংসদে কথা বলার যোগ্যতা রয়েছে, তাদেরই যথাযথভাবে মূল্যায়ন করা হবে।
দলীয় তথ্য অনুযায়ী, মোট এক হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি হলেও প্রায় ৯০০টি জমা পড়েছে। প্রতিটি ফরমের মূল্য ছিল দুই হাজার টাকা এবং জমা দেওয়ার সময় প্রার্থীদের ৫০ হাজার টাকা জামানত দিতে হয়েছে।
এদিকে নির্বাচন কমিশন সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।