সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩

জনগণের দাবিতেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি: রিজভী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ১৮:২৬

ছবি: সংগৃহীত

জনগণের দাবির প্রেক্ষিতেই সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, জ্বালানি তেল ও গ্যাস খাতে যেন কোনো ধরনের সিন্ডিকেট গড়ে উঠতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতে সরকার কাজ করবে।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক বিএনপি নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি।

রিজভী বলেন, জনগণের কাছ থেকে দাবি আসার পরই সরকার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। অর্থাৎ মূল্যবৃদ্ধির পেছনে জনগণের দাবিই প্রধান কারণ বলে উল্লেখ করেন তিনি।

গুমের প্রসঙ্গ তুলে বিএনপির এ নেতা বলেন, গুমের সঙ্গে জড়িত অনেকেই এখনও দেশ ছাড়তে পারেনি। তাদের রিমান্ডে নেওয়া হচ্ছে না কেন এমন প্রশ্ন তোলেন তিনি। তার মতে, সংশ্লিষ্টদের রিমান্ডে নিলে গুম হওয়া বিএনপি নেতাদের বিষয়ে তথ্য বেরিয়ে আসতে পারে।

এ সময় গুমসংক্রান্ত অধ্যাদেশ বাতিল প্রসঙ্গে রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের প্রণীত অধ্যাদেশে বেশ কিছু ত্রুটি রয়েছে। সেগুলো সংশোধন করে আরও কার্যকর আইন প্রণয়ন করা হবে, যাতে ভবিষ্যতে কেউ গুমের মতো নিষ্ঠুর পন্থা অবলম্বন করতে না পারে। তিনি আশা প্রকাশ করেন, সরকার মানবতার পক্ষে অবস্থান নিয়েই আইন প্রণয়ন করবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top