শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩

সরবরাহ সংকটের শঙ্কায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম

বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ১৪:১২

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক উত্তেজনা ও জ্বালানি সরবরাহ ব্যবস্থায় অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম আবারও বেড়েছে। শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো স্পষ্ট লক্ষণ দেখা যাচ্ছে না বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকেরা।

শুক্রবার এশিয়ার বাজারে আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড তেলের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৫ দশমিক ৮০ ডলারে পৌঁছায়। একই সময়ে মার্কিন অপরিশোধিত তেলের দামও শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়।

বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে অনিশ্চয়তা বিশ্ব জ্বালানি বাজারে বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে। এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে বিশ্বের মোট তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়, যা বর্তমানে বাধাগ্রস্ত হচ্ছে।

ইরান জানিয়েছে, তাদের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার না হলে পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, কার্যকর শান্তি প্রস্তাব না এলে সামরিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে।

এদিকে এই উত্তেজনার কারণে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ জ্বালানি আমদানিতে চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্র নিজস্ব মজুত থেকে রপ্তানি বাড়ালেও তা বৈশ্বিক চাহিদার তুলনায় যথেষ্ট নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিশ্লেষকদের আশঙ্কা, সরবরাহ ব্যবস্থায় এই অচলাবস্থা অব্যাহত থাকলে আগামী দিনে তেলের দাম আরও বাড়তে পারে। এর প্রভাব শুধু জ্বালানি খাতেই নয়, বরং পরিবহন, উৎপাদন ও সামগ্রিক অর্থনীতিতে মুদ্রাস্ফীতি বাড়িয়ে দিতে পারে বলেও তারা সতর্ক করেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top