বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

সংরক্ষিত আসনের এমপি প্রস্তাব ফিরিয়ে দিলেন তাসনিম জারা

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২২ এপ্রিল ২০২৬, ১১:৩১

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে এমপি হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী তাসনিম জারা। মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

ফেসবুক পোস্টে তাসনিম জারা লেখেন, সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘোষণার পর অনেকেই তাকে নিয়ে দুঃখ ও সহানুভূতি প্রকাশ করেছেন। তবে তিনি কৃতজ্ঞতা জানিয়ে জানান, তাকে সংরক্ষিত আসনে এমপি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা ফিরিয়ে দিয়েছেন।

তিনি বলেন, সংরক্ষিত আসনে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। তবে ঐকমত্য কমিশনে তিনি আগেই অবস্থান জানিয়েছিলেন যে, সংরক্ষিত নারী আসন জনগণের সরাসরি ভোটে নির্ধারিত হওয়া উচিত, দলীয় মনোনয়নে নয়। সেই অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তিনি প্রস্তাবটি গ্রহণ করতে পারেননি।

তাসনিম জারা আরও বলেন, সংসদে যারা যাচ্ছেন তাদের অনেকেই যোগ্য ব্যক্তি এবং তারা কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা তিনি করেন। একই সঙ্গে তিনি তাদের সফলতা কামনা করেন।

তিনি সংরক্ষিত আসনের বর্তমান পদ্ধতিকে কাঠামোগতভাবে দুর্বল বলে মন্তব্য করেন। তাঁর মতে, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা জবাবদিহির আওতায় থাকেন, যা গণতন্ত্রকে শক্তিশালী করে।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি। মাত্র ১৯ দিনের প্রচারণায় পোস্টার বা বড় আয়োজন ছাড়াই তিনি উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেয়েছিলেন বলে দাবি করেন। তিনি বলেন, ভবিষ্যতে সংসদে গেলে তা অবশ্যই জনগণের ভোটের মাধ্যমেই হবে।

এর আগে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করলেও পরে তিনি দল থেকে পদত্যাগ করেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top