বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তারের প্রয়োজন: সংসদে নাহিদ ইসলাম

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৪৯

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতির বক্তব্য তিনি শোনেননি বা পড়েননি এবং সেই বক্তব্য ও বক্তব্য দেওয়ার সুযোগকে তারা প্রত্যাখ্যান করেছেন। তার দাবি, বর্তমান রাষ্ট্রপতির আর বঙ্গভবনে থাকার বা সংসদে বক্তব্য দেওয়ার কোনো অধিকার নেই।

রাষ্ট্রপতির বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরে তিনি বলেন, অতীতে তাকে দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে শাস্তি নিশ্চিত করা, পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ থেকে ক্ষমতাসীন দলকে অব্যাহতি দেওয়া এবং পূর্ববর্তী সময়ের কিছু দুর্নীতির মামলা থেকে রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়ার বিষয়।

নাহিদ ইসলাম আরও বলেন, এমন একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে বহাল রাখা বিরোধী রাজনৈতিক শক্তির দুর্বলতার প্রমাণ। তিনি দাবি করেন, দেশের জন্য এটি দুর্ভাগ্যজনক যে এমন একজন ব্যক্তি এখনো রাষ্ট্রপতির দায়িত্বে রয়েছেন।

তিনি জানান, তাদের সামনে দুটি বিকল্প ছিল একটি ছিল জাতীয় সরকার গঠন, যা বাস্তবায়িত হয়নি; অন্যটি ছিল ক্ষমতা সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া। তবে সাংবিধানিক ধারাবাহিকতার অজুহাতে রাষ্ট্রপতিকে অপসারণে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবিধান প্রসঙ্গে তিনি বলেন, বাহাত্তরের সংবিধানকে একাত্তরের সঙ্গে মিলিয়ে দেখার প্রবণতা রয়েছে, যা তিনি ও তার দল সবসময়ই প্রত্যাখ্যান করেছেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাও আপত্তি জানিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top