বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

মে দিবসে শ্রমিকদের প্রতি যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৮:৩৪

ছবি: সংগৃহীত

‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ ও ‘মহান মে দিবস’ উপলক্ষে দেশের শ্রমজীবী মানুষের প্রতি শুভেচ্ছা ও শ্রদ্ধা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া বার্তায় তিনি বিশ্বের শ্রমিক আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে ৮ ঘণ্টা কর্মদিবসসহ ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তারা আজও শ্রমজীবী মানুষের অনুপ্রেরণা।

এ বছরের মে দিবসের প্রতিপাদ্য “সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত” এই বার্তাকে ধারণ করে বিশ্বের শ্রমিকদের প্রতি শুভেচ্ছা জানান তিনি।

তারেক রহমান বলেন, শ্রমজীবী মানুষই দেশের উন্নয়ন, শিল্প, কৃষি ও অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের জীবনমান উন্নয়ন, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি এবং সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা করা জরুরি।

তিনি দাবি করেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকবান্ধব নীতি গ্রহণ করে শ্রমিক কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, বিশেষ করে মধ্যপ্রাচ্যে শ্রমবাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিএনপি সরকারের বিভিন্ন সময়ে শ্রমিকদের কল্যাণে নেওয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে শ্রম আইন সংস্কার, ন্যূনতম মজুরি নির্ধারণ, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন গঠন এবং গার্মেন্টস শ্রমিকদের জন্য বিভিন্ন সুবিধা প্রদান।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সরকারের দায়িত্ব।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর সঙ্গে বাংলাদেশের সম্পর্কের কথা উল্লেখ করে তিনি জানান, শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে, যার মধ্যে সময়মতো বেতন-বোনাস প্রদান এবং প্রবাসী শ্রমিকদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনাও রয়েছে।

শেষে তিনি বলেন, শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত হলেই একটি সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গঠন সম্ভব।

মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্যও কামনা করেন তিনি।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top