নুসরাত তাবাসসুমকে এমপি ঘোষণা করে গেজেট প্রকাশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৫ মে ২০২৬, ১২:৪২
সংরক্ষিত নারী আসনে জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের জন্য নুসরাত তাবাসসুমকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৫ মে) রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র জমা দিয়ে নুসরাত তাবাসসুম প্রার্থী হয়েছিলেন। গতকাল তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। আজ তার নামেই আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।
উল্লেখ্য, সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে জাতীয় নাগরিক পার্টির আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এরপর মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় পার হওয়ার ১৯ মিনিট পর নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিলে তা গ্রহণ না করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পরবর্তীতে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়ন গ্রহণ করে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন। সেই নির্দেশের পর কমিশন মনোনয়ন গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে তা বৈধ ঘোষণা করে।
এদিকে মনিরা শারমিন তার প্রার্থিতা পুনর্বহালের দাবিতে আদালতে রিট করেন এবং নির্বাচন কমিশনে চিঠি দেন যাতে আদালতের চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়।
তবে সোমবার (৪ মে) ওই রিটের শুনানিতে হাইকোর্টের একটি বেঞ্চ তা গ্রহণে অপারগতা প্রকাশ করে। একই গ্রামের বাসিন্দা হওয়ায় বিষয়টি অন্য বেঞ্চে পাঠানো হয়।
নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আসন বণ্টনের ভিত্তিতে একটি জোটকে নির্দিষ্ট সংখ্যক আসন দেওয়া হয়। এর মধ্যে অধিকাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়ে ইতোমধ্যে শপথ গ্রহণ করেছেন। এখন বাকি প্রক্রিয়া সম্পন্ন হওয়া প্রার্থীরাও পর্যায়ক্রমে শপথ নেবেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।