“যদি বাপের ব্যাটা হয় অমিত শাহ, বাবরি মসজিদ ভেঙে দেখাক”: হুমায়ুন কবীর
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২৬, ১৩:৫৭
আসন্ন নির্বাচনের প্রাক্কালে পশ্চিমবঙ্গ রাজনীতিতে চরম উত্তেজনা তৈরি হয়েছে ভরতপুরের বিদায়ী বিধায়ক হুমায়ুন কবীর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পাল্টাপাল্টি বক্তব্যকে কেন্দ্র করে।
একটি জনসভায় হুমায়ুন কবীর অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ৪০০ কোটি টাকার লেনদেনের মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে। একই সঙ্গে তিনি নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।
তিনি আরও বলেন, “যদি বাপের ব্যাটা হয় অমিত শাহ, ২৪ ঘণ্টার মধ্যে আমার বাবরি মসজিদ ভেঙে দেখাক”—এই মন্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়।
অন্যদিকে, বিজেপির নির্বাচনী ইস্তাহার প্রকাশের পর সাংবাদিক সম্মেলনে অমিত শাহ বলেন, হুমায়ুন কবীর ও বিজেপি “উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মতো সম্পূর্ণ বিপরীত অবস্থানে” রয়েছে। তিনি দাবি করেন, এই ধরনের বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত এবং বিভ্রান্তিকর।
শাহ আরও বলেন, বাংলায় ‘বাবরি মসজিদের প্রতিরূপ’ নির্মাণের মতো কোনো উদ্যোগ বিজেপি ক্ষমতায় এলে কোনোভাবেই অনুমোদন দেবে না।
এদিকে, বিতর্কিত ভিডিও নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে হুমায়ুন কবীর দাবি করেন, প্রচারিত ভিডিওটি জাল ও এআই-নির্মিত। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অর্থ লেনদেনের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রমাণ দিতে না পারলে তিনি আদালতে যাবেন।
অন্যদিকে, বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই ভিডিওতে বিরোধী জোট ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে, যা নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়ছে।
সব মিলিয়ে, ভোটের মুখে এই বাগযুদ্ধ রাজ্য রাজনীতিকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং পরিস্থিতি ক্রমেই জটিল আকার নিচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।