বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

অং সান সু চির সাজা আরও কমাল মিয়ানমার জান্তা সরকার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:২৭

সংগৃহীত

মিয়ানমারের কারারুদ্ধ সাবেক নেত্রী অং সান সু চির সাজা আরও সাড়ে চার মাস কমিয়েছে প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের নেতৃত্বাধীন জান্তা সরকার। দুই সপ্তাহের ব্যবধানে এটি দ্বিতীয়বারের মতো তার সাজা কমানোর ঘটনা।

এর ফলে ২৭ বছরের দণ্ড থেকে মোট ৯ বছর কমে গেছে। এখন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী এই নেত্রীকে প্রায় ১৮ বছরের কিছু বেশি সময় কারাভোগ করতে হবে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সু চির আইনজীবীদের বরাতে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

আইনজীবীরা জানান, ৮০ বছর বয়সী অং সান সু চি উসকানি, দুর্নীতি, নির্বাচনী অনিয়ম ও রাষ্ট্রীয় গোপনীয়তা আইন লঙ্ঘনসহ একাধিক মামলায় দণ্ডিত হয়ে কারাভোগ করছেন। যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন।

এর আগে সামরিক জান্তা সরকার তাকে ৩৩ বছরের সাজা দিলেও পরে তা কমিয়ে ২৭ বছর করা হয়। চলতি বছরের ১৭ এপ্রিল মিয়ানমারের নববর্ষ উপলক্ষে সাধারণ ক্ষমার সময় তার সাজা আবারও আংশিক কমানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সাধারণ ক্ষমার আওতায় তার সাজার এক-ষষ্ঠাংশ মওকুফ করা হয়েছে, যা প্রায় সাড়ে চার বছর সমান। তবে তিনি গৃহবন্দি অবস্থায় থাকবেন কি না, সে বিষয়ে এখনো স্পষ্ট সিদ্ধান্ত জানা যায়নি বলে জানিয়েছেন আইনজীবীরা।

এর আগে একই সাধারণ ক্ষমার অংশ হিসেবে সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টসহ কয়েকজনকে মুক্তি দেওয়া হয়।

মানবাধিকার সংস্থা অ্যাসিস্ট্যান্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স জানায়, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারে ৩০ হাজারের বেশি মানুষ রাজনৈতিক কারণে আটক হয়েছেন। তালিকায় অং সান সু চি ছাড়াও সাবেক প্রেসিডেন্ট, এনএলডি নেতা ও বহু আন্দোলনকারী রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top