বৃহঃস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

শিক্ষক লাঞ্ছনার ঘটনায় ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, সভাপতির পদ স্থগিত

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬, ১৪:৫২

ছবি: সংগৃহীত

নোয়াখালী সরকারি কলেজে শিক্ষকদের হেনস্তা, হত্যার হুমকি এবং অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে ছাত্রদল। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন নেতাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে এবং একজনের পদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পাশাপাশি এক নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

স্থায়ীভাবে বহিষ্কৃতরা হলেন—সিনিয়র সহ-সভাপতি মুর্শিদুর রহমান রায়হান, সহ-সভাপতি আক্তারুজ্জামান বিশাল এবং সহ-সাধারণ সম্পাদক তানভীর হোসেন শাওন। এছাড়া কলেজ শাখা ছাত্রদলের সভাপতি রাশেদুল ইসলাম সোহাগের সাংগঠনিক পদ দুই মাসের জন্য স্থগিত করা হয়েছে। সাবেক সভাপতি আকবর হোসেনকে ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার রাতে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

অভিযোগ অনুযায়ী, বুধবার দুপুরে সদ্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর জাকির হোসেন দাপ্তরিক কাজে কলেজে এলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর এবিএম ছানা উল্লাহসহ কয়েকজন শিক্ষক একসঙ্গে মধ্যাহ্নভোজে বসেন। এসময় সভাপতি সোহাগের নেতৃত্বে একদল নেতাকর্মী অতর্কিত হামলা চালায়। তারা অধ্যক্ষের কার্যালয়ে ভাঙচুর করে এবং শিক্ষকদের খাবার খেতে বাধা দেয়। একই সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়।

ঘটনায় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুনশাদুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ার হোসেনকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম ছানা উল্লাহ বলেন, তার কক্ষে ভাঙচুর করা হয়েছে এবং তাকে খাবার খেতেও বাধা দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, অন্যায়ের সঙ্গে আপস করবেন না।

ঘটনার পর শিক্ষক পরিষদ জরুরি সভা করে কর্মবিরতিসহ চার দফা দাবি ঘোষণা করে। দাবির মধ্যে ছিল হামলাকারীদের ছাত্রত্ব বাতিল, প্রশাসনের কাছে অভিযোগ দায়ের, থানায় মামলা এবং বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন।

পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়ার পর শিক্ষকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নেন। একই সঙ্গে ছাত্রদলের ঘোষিত পাল্টা মানববন্ধন কর্মসূচিও বাতিল করা হয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top