রবিবার, ৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

তাইওয়ানের প্রেসিডেন্টকে ‘ইঁদুর’ বলল চীন, উত্তপ্ত কূটনৈতিক বাকযুদ্ধ

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ৩ মে ২০২৬, ১৪:১২

ছবি: সংগৃহীত

তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তের সাম্প্রতিক বিদেশ সফরকে ঘিরে চীন ও তাইওয়ানের মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। সফরকে কেন্দ্র করে চীন তার বিরুদ্ধে কড়া ভাষায় সমালোচনা করে তাকে ‘ইঁদুর’ বলে অভিহিত করেছে।

লাই চিং-তে বলেছেন, তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র এবং বিশ্বের সঙ্গে সম্পৃক্ত হওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, কোনো দেশই তাইওয়ানকে আন্তর্জাতিক পরিসরে অংশগ্রহণ থেকে বিরত রাখতে পারে না।

সম্প্রতি আফ্রিকার দেশ এসোয়াতিনিতে আকস্মিক সফরে যান তিনি। এই সফর আগে থেকে ঘোষণা করা হয়নি, যা উচ্চপর্যায়ের কূটনীতিতে সংবেদনশীল পরিস্থিতি এড়াতে কখনও কখনও অনুসরণ করা হয়। জানা গেছে, সম্ভাব্য বাধা এড়াতেই এ ধরনের কৌশল নেওয়া হয়।

চীন বরাবরই তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে আসছে এবং অন্য দেশগুলোর সঙ্গে তাইওয়ানের সম্পর্ক বজায় রাখার বিরোধিতা করে। এরই ধারাবাহিকতায় লাইয়ের সফর নিয়েও আপত্তি তোলে বেইজিং।

চীনের তাইওয়ানবিষয়ক কার্যালয়ের এক মুখপাত্র লাইয়ের এই সফরকে ‘চুপিসারে’ সম্পন্ন হয়েছে বলে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি কটূক্তি করে বলেন, তার আচরণ ‘দৌড়ে যাওয়া ইঁদুরের মতো’ এবং এজন্য তিনি আন্তর্জাতিকভাবে উপহাসের পাত্র হবেন।

এদিকে তাইওয়ানের মেনল্যান্ড অ্যাফেয়ার্স কাউন্সিল চীনের এই বক্তব্যকে ‘নিম্নমানের ও অশোভন’ বলে নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানায়, কোথাও সফর করতে লাইয়ের বেইজিংয়ের অনুমতির প্রয়োজন নেই।

উল্লেখ্য, বর্তমানে বিশ্বের মাত্র ১২টি দেশ তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। এর আগে লাইয়ের সফর ঘিরে ওভারফ্লাইট ইস্যুতে চীনের চাপের অভিযোগ উঠেছিল, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও সমালোচনা দেখা যায়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top