বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

সেহরি শুধু আহার নয়, এটি বরকতপূর্ণ ইবাদত

ধর্ম ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০

ছবি: সংগৃহীত

রমজানের রোজায় সারাদিনের শক্তি জোগায় সেহরি। তবে এটি কেবল খাবার গ্রহণের বিষয় নয়; হাদিসে সেহরিকে বরকতপূর্ণ আমল হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই সামান্য খাবার বা এক ঢোক পানি হলেও সেহরি করা সুন্নত।

সেহরির গুরুত্ব-

ফিকহের কিতাবগুলোতে বলা হয়েছে, ক্ষুধা না থাকলেও সেহরি পরিত্যাগ করা ঠিক নয়। অল্প কিছু খেলেও সুন্নত আদায় হয়ে যায়। হাদিসে রাসুলুল্লাহ (সা.) ইরশাদ করেছেন, “তোমরা সেহরি খাও, কেননা এতে বরকত রয়েছে।” অন্য বর্ণনায় এসেছে, এক ঢোক পানি দিয়েও সেহরি করার তাগিদ দেওয়া হয়েছে; কারণ সেহরি গ্রহণকারীদের জন্য আল্লাহ তাআলা রহমত নাজিল করেন এবং ফেরেশতারা তাদের জন্য দোয়া করেন।

সেহরির উত্তম সময়-

সুবহে সাদেকের কাছাকাছি সময় সেহরি করা মুস্তাহাব। সাহাবায়ে কেরামের আমল ছিল—তারা দ্রুত ইফতার করতেন এবং দেরিতে সেহরি খেতেন। তবে এতটা বিলম্ব করা ঠিক নয়, যাতে ফজরের সময় হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। হাদিসে বর্ণিত আছে, সেহরি ও ফজরের নামাজের মধ্যকার ব্যবধান প্রায় পঞ্চাশ আয়াত তিলাওয়াতের সময়ের সমান ছিল।

সময় নিয়ে সন্দেহ হলে করণীয়-

যদি এমন সন্দেহ হয় যে সুবহে সাদেক হয়ে গেছে, তখন পানাহার থেকে বিরত থাকাই উত্তম। সন্দেহের মধ্যে খেলে রোজা আদায় হয়ে যাবে; কিন্তু পরে নিশ্চিত জানা গেলে যে সময় পার হয়ে গিয়েছিল, তবে কাজা করতে হবে (কাফফারা নয়)।

নিয়তের বিধান-

রমজানের রোজার নিয়ত সেহরির সময় করতেই হবে—এমন বাধ্যবাধকতা নেই। দ্বি-প্রহরের (যাওয়ালের) আগ পর্যন্ত নিয়ত করা যায়। তবে কাজা, কাফফারা বা অনির্দিষ্ট মান্নতের রোজার নিয়ত সুবহে সাদেকের আগেই করতে হবে। আমাদের দেশে যেহেতু শেষ রাতে সাধারণত রোজা ছাড়া খাবার গ্রহণ করা হয় না, তাই সেহরি খাওয়াই নিয়তের স্থলাভিষিক্ত হিসেবে ধরা হয়। অবশ্য সেহরি না খেলেও কেবল নিয়ত করলেই রোজা শুদ্ধ হবে।

মাইকে সেহরির ঘোষণা-

সেহরির সময় জানিয়ে দেওয়া বা প্রয়োজন অনুযায়ী ডাকাডাকি করা জায়েজ। তবে অতিরিক্ত উচ্চস্বরে হামদ-নাত, গজল বা ওয়াজ প্রচার করে মানুষের ইবাদত বা অসুস্থ ব্যক্তির বিশ্রামে বিঘ্ন সৃষ্টি করা অনুচিত।

মনে রাখবেন, সেহরির শেষ সময় আজান নয়; বরং সুবহে সাদেক শুরু হওয়া। তাই আজান না হলেও সময় হয়ে গেলে পানাহার বন্ধ করতে হবে।

সারকথা, সেহরি রোজার প্রস্তুতি যেমন, তেমনি এটি সুন্নত ও বরকতপূর্ণ ইবাদতও। সচেতনভাবে ও সময় মেনে সেহরি আদায় করলে রোজা আরও পরিপূর্ণ হয়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top