আজ ঐতিহাসিক বদর দিবস
ধর্ম ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১২:৩৩
রমজানের পবিত্র মাস মুসলিম উম্মাহর কাছে ইবাদত, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের এক মহিমান্বিত সময়। এই মাসের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের ইতিহাসের অনেক গুরুত্বপূর্ণ ও স্মরণীয় ঘটনা। তেমনই একটি ঐতিহাসিক ঘটনা হলো বদর দিবস। হিজরির দ্বিতীয় সনের ১৭ রমজান মদিনা থেকে প্রায় সত্তর মাইল দূরের বদর প্রান্তরে সংঘটিত হয়েছিল ইসলামের ইতিহাসের প্রথম বড় যুদ্ধ—বদরের যুদ্ধ।
এই যুদ্ধ ছিল সত্য ও মিথ্যার, ইমান ও কুফরের এক ঐতিহাসিক সংঘর্ষ। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নেতৃত্বে মাত্র ৩১৩ জন সাহাবি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তাদের অধিকাংশের কাছেই ছিল না পর্যাপ্ত অস্ত্র কিংবা যুদ্ধের সরঞ্জাম। অন্যদিকে কুরাইশদের পক্ষ থেকে অবিশ্বাসীদের নেতা আবু জাহেলের নেতৃত্বে প্রায় এক হাজার সুসজ্জিত ও প্রশিক্ষিত সৈন্য যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছিল। বাহ্যিক শক্তি ও সামরিক প্রস্তুতির বিচারে এটি ছিল একটি অসম লড়াই।
তবে বদরের ময়দানে প্রমাণিত হয় যে প্রকৃত বিজয় কেবল বাহ্যিক শক্তি বা সংখ্যার ওপর নির্ভর করে না। আল্লাহর ওপর অটল বিশ্বাস, ধৈর্য এবং ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানই প্রকৃত শক্তির উৎস। মহান আল্লাহ তাঁর ওপর ভরসা রাখা ক্ষুদ্র মুসলিম বাহিনীকে বিজয় দান করেন এবং ইসলামের ইতিহাসে রচিত হয় এক গৌরবোজ্জ্বল অধ্যায়।
যুদ্ধের আগে আল্লাহর রাসুল (সা.) গভীর আবেগ ও বিনয়ের সঙ্গে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। তিনি প্রার্থনা করেছিলেন, যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায়, তবে পৃথিবীতে আল্লাহর ইবাদত করার মতো কেউ থাকবে না। মহান আল্লাহ তাঁর প্রিয় নবীর সেই আকুল দোয়া কবুল করেন এবং মুসলমানদের বিজয় দান করেন।
বদরের যুদ্ধে কুরাইশদের প্রায় সত্তর জন নিহত হয় এবং আরও সত্তর জন বন্দি হয়। অন্যদিকে মুসলমানদের মধ্যে শহীদ হন মাত্র চৌদ্দজন সাহাবি। সংখ্যার দিক থেকে দুর্বল হয়েও মুসলমানদের এই বিজয় ছিল আল্লাহর অসীম কুদরতের এক উজ্জ্বল নিদর্শন।
মদিনায় হিজরতের দ্বিতীয় বছরে আল্লাহতায়ালা অত্যাচারিত মুসলমানদের আত্মরক্ষার জন্য যুদ্ধের অনুমতি দেন। তখন হজরত জিবরাইল (আ.) কুরআনের আয়াত নিয়ে আসেন—যাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে তাদের অনুমতি দেওয়া হয়েছে, কারণ তাদের ওপর অত্যাচার করা হয়েছে। আল্লাহ নিশ্চয়ই তাদের সাহায্য করতে সক্ষম। এই ঐশী নির্দেশনার আলোকে মহানবী (সা.) বদরের যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করেন।
বদরের বিজয় ইসলামের ইতিহাসে প্রথম বড় সামরিক সাফল্য হিসেবে বিবেচিত। এটি শুধু একটি যুদ্ধের ঘটনা নয়; বরং ন্যায়, ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাসের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
প্রতিবছর ১৭ রমজান এলে বিশ্ব মুসলিম গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বদরের সেই ঐতিহাসিক দিন এবং শহীদ সাহাবিদের আত্মত্যাগ। বদরের শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়—সংখ্যা বা বাহ্যিক শক্তি নয়, বরং সত্যের পথে অটল থাকা এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসাই প্রকৃত বিজয়ের চাবিকাঠি।
লেখক : গবেষক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।