শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

সংসদের মন্দ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:১৮

ছবি: সংগৃহীত

সংসদের নেতিবাচক ও অস্বাস্থ্যকর সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি- এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালার শেষ দিনের কার্যক্রমে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান, সংসদের কার্যপ্রণালি বিধি, সংসদীয় রীতি ও প্রথাসহ বিভিন্ন বিষয় নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি বিশ্বের যেসব দেশে শক্তিশালী গণতন্ত্রের চর্চা রয়েছে, সেসব দেশের সংসদীয় কার্যক্রম নিয়েও আলাপ করা হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের সংসদ অধিবেশন দেখে দেশের মানুষ আশ্বস্ত হবে বলে আশা করছেন তারা। তার ভাষায়, এমন একটি সংসদই মানুষ দেখতে চেয়েছিল। অতীতে সংসদে যেসব নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো মানুষের মন থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হবে।

নতুন সংসদ সদস্যদের প্রসঙ্গে তিনি বলেন, যারা প্রথমবার নির্বাচিত হয়েছেন তারা নতুন করে যাত্রা শুরু করবেন এবং ভালোভাবে শিখবেন। তাদের মধ্যে যদি খারাপ সংস্কৃতি না থাকে, তাহলে তারা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবেন। একটি শিশু জন্মের পর যেমন নতুনভাবে ভালো সংস্কৃতি শেখে, তেমনি নবীন সংসদ সদস্যদেরও ইতিবাচকভাবে প্রস্তুত করার চেষ্টা চলছে।

সালাহউদ্দিন আহমদ জানান, নতুন সংসদ সদস্যদের জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম করে তুলতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রথমবার নির্বাচিত বিএনপির সংসদ সদস্যদের জন্য সংসদীয় কার্যক্রম, বিধিবিধান ও সংসদীয় আচরণ বিষয়ে এই প্রশিক্ষণ কর্মশালা চলছে। দুই দিনের এ কর্মশালার শেষ দিনের কার্যক্রম শনিবার অনুষ্ঠিত হচ্ছে।

সকালের অধিবেশনে ঢাকা জেলা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের এবং ফরিদপুর জেলার সংসদ সদস্যরা অংশ নেন। বিকেলের অধিবেশনে সিলেট, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলের সংসদ সদস্যদের অংশ নেওয়ার কথা রয়েছে।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে সামনে রেখে মূলত নবনির্বাচিত জনপ্রতিনিধি ও মন্ত্রীদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। অভিজ্ঞ সাবেক সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও সাবেক সংসদ সদস্যরা সংসদ সদস্যদের দায়িত্ব, সংসদীয় রীতি এবং মন্ত্রণালয় পরিচালনায় দক্ষতা বাড়ানোর বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top