শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

নারী দিবসে দিলারা জামান পাচ্ছেন ‘আজীবন সম্মাননা’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৩:৫০

সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে বাংলাদেশের অভিনয় অঙ্গনের কিংবদন্তি অভিনেত্রী দিলারা জামান-এর মুকুটে যুক্ত হতে যাচ্ছে আরেকটি সম্মাননার পালক। দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য দর্শকের হৃদয় জয় করা একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গুণী অভিনেত্রী এবার পাচ্ছেন ‘আজীবন সম্মাননা’।

আগামী শনিবার (৭ মার্চ) রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করবে গ্লোবাল স্টার কমিউনিকেশন। ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ (সিজন–৪) অনুষ্ঠানের মাধ্যমে এই সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে দেশের অর্থনীতি, শিক্ষা, আইন, ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, চিকিৎসা, সমাজসেবা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, সংগীত, নৃত্য, সাংবাদিকতা এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা আরও ১৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী দিলারা জামান, সংগীতশিল্পী রিজিয়া পারভীন, চিত্রনায়িকা রোজিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. রেবেকা সুলতানা, একটি গণমাধ্যমের অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল প্রফেসর ড. নাজমা বেগম নাজু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গ্লোবাল স্টার কমিউনিকেশনের প্রধান উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম। স্বাগত বক্তব্য রাখবেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

আয়োজকরা জানান, ইতোমধ্যে অনুষ্ঠানের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে দৃষ্টান্ত স্থাপন করা ১৫ জন গুণী ব্যক্তিকে উৎসাহিত করা এবং তাদের কাজের স্বীকৃতি দিতেই এ সম্মাননা প্রদান করা হবে।

গ্লোবাল স্টার কমিউনিকেশনের উদ্যোগে আয়োজিত ‘গ্লোবাল স্টার ওমেন্স অ্যাওয়ার্ড ২০২৫’ (সিজন–৪) এর মাধ্যমে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের সম্মাননা জানানো হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top