শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজলো আওয়ামী লীগের ভাঙা কার্যালয়

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২৬, ১৪:১৪

সংগৃহীত

ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়ার পর রাজনৈতিক দৃশ্যপট থেকে নিস্ক্রিয় হয়ে গিয়েছিল আওয়ামী লীগ। বিগত অন্তর্বর্তী সরকারের নিষেধাজ্ঞার কারণে দলের কার্যক্রম সীমিত ছিল। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার ক্ষমতা গ্রহণের পর পরিস্থিতি বদলাতে শুরু করে। দেশের বিভিন্ন এলাকায় অফিস খোলা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীরা সক্রিয় হতে শুরু করেছেন।

এই প্রেক্ষাপটেই নওগাঁয় জেলা আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ে (৭ মার্চ) হঠাৎ বাজতে শোনা যায় স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। স্থানীয় সূত্রে জানা যায়, শব্দটিতে প্রচার করা হয়, “এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম; জয় বাংলা।”

জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক শফিকুর রহমান মামুন এ সংক্রান্ত একটি ভিডিও তার ফেসবুকে প্রকাশ করেছেন। ৩১ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তৃতীয় তলায় ছোট্ট একটি মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার হচ্ছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার হাতে কার্যালয়টি ভাঙচুর করা হয়েছিল।

এদিন কার্যালয়ে কোনো নেতাকর্মী উপস্থিত ছিলেন না। তবে দলীয় নেতারা ফেসবুকে মাইক দিয়ে প্রচারিত ভাষণের ভিডিও শেয়ার করেছেন। সদর নওগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক বলেন, তারা ঘটনাটি শুনেছেন এবং পরে মাইকটি কারা খুলে নিয়েছে তা জানা যাবে।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৭ মার্চে রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লাখো মুক্তিকামী মানুষের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দেন। তিনি বলেন, “রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব, ইনশাআল্লাহ।” এই ঘোষণার মাধ্যমে বাঙালি জাতি পায় স্বাধীনতার দিকনির্দেশনা, এবং সেদিন থেকেই দেশে মুক্তিকামী মানুষ ঘরে ঘরে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিতে শুরু করে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top