বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২

আলবাসেতের মাঠে ঘাম ঝরানো জয়, সেমিফাইনালে বার্সেলোনা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৬, ১৪:০৬

ছবি: সংগৃহীত

কোপা দেল রের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদকে বিদায় করে ‘জায়ান্ট কিলার’ খ্যাতি পাওয়া আলবাসেতের মাঠ থেকে সহজ জয় পায়নি বার্সেলোনা। স্প্যানিশ দ্বিতীয় স্তরের দলটির বিপক্ষে কঠিন লড়াই শেষে ২–১ গোলের জয় নিয়ে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

মঙ্গলবার রাতে প্রতিপক্ষের মাঠে বল দখল ও আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল কাতালানদের। ম্যাচে ৭২ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি আলবাসেতের পোস্ট লক্ষ্য করে ১৬টি শট নেয় বার্সা, যার মধ্যে ৬টি ছিল অন টার্গেটে। তবে ফিনিশিংয়ের দুর্বলতা ও স্বাগতিকদের শক্ত প্রতিরোধে বড় ব্যবধানে জয় পায়নি তারা।

ম্যাচের শুরুতেই ৭ম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় বার্সেলোনা, কিন্তু মার্কাস রাশফোর্ডের শট লক্ষ্যে ছিল না। অবশেষে ৩৯ মিনিটে ডেডলক ভাঙে। রাশফোর্ড ও ফ্রেংকি ডি ইয়ংয়ের গড়ে দেওয়া আক্রমণ থেকে দুর্দান্ত ভলিতে গোল করে দলকে লিড এনে দেন ১৮ বছর বয়সী সেনসেশন লামিনে ইয়ামাল। টানা চার ম্যাচে গোলের দেখা পেলেন এই তরুণ তারকা।

বিরতির পর ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো। কর্নার কিক থেকে উড়ে আসা বলে হেড করে স্কোরলাইন ২–০ করেন উরুগুইয়ান এই ডিফেন্ডার। এটি চলতি মৌসুমে তার তৃতীয় গোল। এর মাঝে রবার্ট লেভান্ডোভস্কি একাধিক সুযোগ নষ্ট করায় ব্যবধান আর বাড়েনি।

ম্যাচের শেষভাগে জমে ওঠে উত্তেজনা। ৮৩ মিনিটে আলবাসেত বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ৮৭ মিনিটে হাভিয়ের মোরেনোর হেডে ব্যবধান কমিয়ে ২–১ করে স্বাগতিকরা। ৯০ মিনিটে ফেররান তোরেসের একটি গোলও অফসাইডে বাতিল হয়।

যোগ করা সময়ে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল আলবাসেত। কিন্তু শেষ মুহূর্তে বার্সা গোলরক্ষক হুয়ান গার্সিয়ার দুর্দান্ত সেভে রক্ষা পায় কাতালানরা। শেষ পর্যন্ত স্নায়ুচাপ সামলে ২–১ গোলের কষ্টার্জিত জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা এবং নিশ্চিত করে সেমিফাইনালের টিকিট।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top