মেসির সামনেই রোনালদোর প্রশংসা করলেন ট্রাম্প
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১৪:৪৮
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে মেজর লিগ সকার চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি দলকে সংবর্ধনা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি।
গত মৌসুমে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে হারিয়ে লিগের শিরোপা জয়ের স্বীকৃতি হিসেবে মায়ামি দলকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে ট্রাম্প তার ছেলে ব্যারন ট্রাম্পের মেসির প্রতি অনুরাগের কথা তুলে ধরেন। মেসিকে ভদ্র স্বভাবের মানুষ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, তার ছেলে মেসির বড় ভক্ত এবং তাকে একজন অসাধারণ মানুষ বলে মনে করে।
আলাপচারিতার একপর্যায়ে ট্রাম্প তার পছন্দের ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রসঙ্গ টেনে বলেন, রোনালদো নামে এক ভদ্রলোক আছেন- ক্রিশ্চিয়ানো দুর্দান্ত, আপনিও দুর্দান্ত। চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর প্রশংসার সময় মেসিকে কিছুটা অপ্রস্তুত দেখা গেলেও তিনি শুধু মৃদু হাসি দেন।
পরে ট্রাম্প উপস্থিত সবার কাছে জানতে চান কে সেরা, মেসি নাকি পেলে? উপস্থিত সবাই একসঙ্গে মেসির নাম বললে ট্রাম্পও তাতে সম্মতি জানান।
অনুষ্ঠানে ইন্টার মায়ামির পক্ষ থেকে ট্রাম্পকে ৪৭ নম্বর লেখা একটি গোলাপি জার্সি এবং একটি স্বাক্ষর করা ফুটবল উপহার দেওয়া হয়। পাশে মেসি ও ক্লাবের মালিক হোর্হে মাসকে নিয়ে ট্রাম্প বলেন, তার জন্য এটি বিশেষ সৌভাগ্যের বিষয়- কারণ এমন কথা বলার সুযোগ আগে কোনো মার্কিন প্রেসিডেন্ট পাননি। এরপর তিনি বলেন, হোয়াইট হাউসে স্বাগতম, লিওনেল মেসি।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।