ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলায় ভয়াবহ বিস্ফোরণে কাঁপল তেল আবিব
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৬ মার্চ ২০২৬, ১৬:০৩
মধ্যপ্রাচ্যের আকাশ আবারও প্রকম্পিত হয়ে উঠেছে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের গর্জনে। শুক্রবার সকালে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিবসহ দেশটির কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
ইরানের সামরিক বাহিনীর অভিজাত ইউনিট ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তাদের চলমান ‘সত্য প্রতিশ্রুতি চার’ সামরিক অভিযানের একুশতম ধাপের অংশ হিসেবে এই হামলা চালানো হয়েছে। এবারের অভিযানে বিশেষভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে তেল আবিবের কেন্দ্রস্থলকে, যেখানে ইরানের অত্যাধুনিক ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার সকাল থেকেই ইরান থেকে ছোড়া একাধিক রকেট ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ চেষ্টা চালায়। আকাশপথে উড়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো মাঝপথে ধ্বংস করার সময় পুরো তেল আবিব শহরজুড়ে বড় বড় বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়।
এই ঘটনার পরপরই শহরজুড়ে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং আতঙ্কিত সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তথ্য জানানো না হলেও বিস্ফোরণের তীব্রতা ছিল অত্যন্ত ভয়াবহ বলে জানা গেছে।
ইরানের সামরিক বাহিনীর তথ্যমতে, শুক্রবারের এই হামলা ছিল সুপরিকল্পিত ও সমন্বিত একটি সামরিক অভিযান। এতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একাধিক আত্মঘাতী ড্রোনও ব্যবহার করা হয়েছে।
তেহরানের দাবি, তাদের ছোড়া খেইবার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক গলে তেল আবিবের কেন্দ্রস্থলের কয়েকটি গুরুত্বপূর্ণ কৌশলগত স্থাপনায় আঘাত হানতে সক্ষম হয়েছে। দীর্ঘ পাল্লা ও নির্ভুল লক্ষ্যভেদের ক্ষমতার জন্য এই ক্ষেপণাস্ত্রটি বিশেষভাবে পরিচিত।
বিস্ফোরণের শব্দ শুধু তেল আবিবেই সীমাবদ্ধ ছিল না, বরং আশপাশের আরও কয়েকটি জনবহুল এলাকাতেও তা শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।