ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার আবারও আইনি জটিলতায় জড়িয়েছেন। এবার তার বিরুদ্ধে মামলা করেছেন তারই সাবেক এক রাঁধুনি।
ব্রাজিলের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বছরের জুলাই থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত নেইমারের বাড়ির রান্নাঘরের দায়িত্বে ছিলেন ওই রাঁধুনি। তার অভিযোগ, প্রতিদিন তাকে প্রায় ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হতো।
রাঁধুনির দাবি অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে তার কাজের সময় ছিল সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। তবে বাস্তবে প্রায়ই রাত ১১টা এমনকি কখনও মধ্যরাত পর্যন্ত রান্নাঘরে থাকতে হতো তাকে। প্রতিদিন ১৫০ জনেরও বেশি মানুষের জন্য খাবার প্রস্তুত করতে হতো বলেও অভিযোগ করেন তিনি।
অতিরিক্ত কাজের চাপের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও দাবি করেছেন ওই রাঁধুনি।
তার মাসিক বেতন ছিল ৬৫৪ ইউরো। বর্তমানে ক্ষতিপূরণ হিসেবে তিনি ৪৩ হাজার ইউরো দাবি করেছেন। এই অর্থ দিয়ে নিজের চিকিৎসা করাতে চান বলে জানিয়েছেন তিনি।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি ব্রাজিলের ক্লাব সান্তোসের ফরোয়ার্ড নেইমার।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।