সোমবার, ৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

নারী দিবসে খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অদম্য প্রতীক’ বললেন ডা. জুবাইদা রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ২০:০৪

সংগৃহীত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রার অদম্য প্রতীক’ হিসেবে অভিহিত করেছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মী, তারেক রহমান-এর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

রোববার (৮ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত ‘আন্তর্জাতিক নারী দিবস ২০২৬’ উদ্‌যাপন ও ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মো. সাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমান ও জুবাইদা রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও।

বক্তব্যে ডা. জুবাইদা রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি মনোবল। শত অত্যাচার ও অবিচারের মধ্যেও খালেদা জিয়া ছিলেন আপোসহীন, ধৈর্যশীল ও অবিচল।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার জীবন থেকে নারীর দৃঢ়তা ও নেতৃত্বের সাহস সম্পর্কে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়। দেশের নিষ্পেষিত ও নিপীড়িত মানুষের জন্য তাঁর হৃদয় সবসময় কেঁদেছে এবং স্বৈরশাসন ও শোষণের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।

ডা. জুবাইদা রহমান বলেন, খালেদা জিয়া একজন মা, যোদ্ধা এবং ন্যায়ের পক্ষে দৃঢ় কণ্ঠস্বর। গণতন্ত্রপ্রেমী মানুষের জন্য তিনি একজন পথপ্রদর্শক।

জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি উল্লেখ করে তিনি বলেন, “নারী যখন এগিয়ে যায়, তখন একটি জাতিও এগিয়ে যায়।”

জুবাইদা রহমান আশা প্রকাশ করেন, বাংলাদেশ এমন একটি দেশ হবে যেখানে প্রতিটি নারী ও কন্যাশিশু নিরাপদ, মর্যাদাবান এবং সম্ভাবনাময় উজ্জ্বল ভবিষ্যতের অধিকারী হবে। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ সমতা, মর্যাদা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের নতুন অঙ্গীকারের দিন হিসেবে পালিত হোক।

অনুষ্ঠানটি আয়োজনের জন্য তিনি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়া বক্তব্য দেন ফারজানা শারমিন, স্টেফান লিলার এবং জিনাত আরা।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top