নারীর ক্ষমতায়নে অগ্রযাত্রা: লালমনিরহাটে নারী কর্মীদের আয়োজনে নারী দিবস
লালমনিরহাট প্রতিনিধি | প্রকাশিত: ৮ মার্চ ২০২৬, ১৭:৫০
লালমনিরহাটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে শতভাগ নারী কর্মী পরিচালিত বেসরকারি উন্নয়ন সংস্থা আরডিআরএস লালমনিরহাট অঞ্চল। “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার নিশ্চিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালন করা হয়।
রবিবার বিকেলে লালমনিরহাটে আরডিআরএস আঞ্চলিক কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিআরএস বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক সালেহ বিন সামস, সিডিএফের নির্বাহী পরিচালক সাজ্জাদ হোসেন এবং ইনাফি বাংলাদেশের নির্বাহী পরিচালক মাহবুবা হক।
আরডিআরএস লালমনিরহাট অঞ্চলে বর্তমানে আঞ্চলিক ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার, শাখা ব্যবস্থাপক ও ফিল্ড অফিসারসহ বিভিন্ন বিভাগে মোট ১৭৩ জন নারী কর্মরত রয়েছেন। নারীর ক্ষমতায়নকে অগ্রাধিকার দিয়ে নারী নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রমে নারীর সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
অনুষ্ঠানে আরডিআরএসের গণনাট্য দল পটগান পরিবেশন করে, যা উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।