বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

মোহামেদ সালাহ লিভারপুল ছাড়ার ঘোষণা দিলেন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ১১:৫৫

ছবি: সংগৃহীত

অ্যানফিল্ডকে বিদায় জানালেন লিভারপুলের তারকা ফরোয়ার্ড মোহামেদ সালাহ। দীর্ঘ সময়ের অসংখ্য রেকর্ড এবং ট্রফি জয়ের পর চলতি মৌসুমেই তিনি ক্লাব ছাড়ছেন।

গত মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এক আবেগঘন ভিডিও বার্তায় সালাহ নিজের প্রস্থানের ঘোষণা দেন। তিনি জানান, নতুন কোচ আর্নে স্লটের সঙ্গে তার সম্পর্ক এবং মাঠে কম সুযোগ পাওয়ায় বিদায়ের সিদ্ধান্ত নেয়া অবশ্যম্ভাবী ছিল। সালাহ বলেন, “এই শহর ও মানুষ আমার জীবনের অংশ হয়ে গিয়েছে। লিভারপুল কেবল একটি ক্লাব নয়, এটি একটি আবেগের নাম।”

২০১৭ সালে রোমা থেকে লিভারপুলে যোগ দেওয়া সালাহ ৪৩৫ ম্যাচে ২৫৫ গোল করে ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তার ট্রফি ক্যাবিনেটে রয়েছে দুটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপসহ আরও অনেক শিরোপা। ব্যক্তিগতভাবে তিনি চারবার প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জিতেছেন।

সালাহ সমর্থকদের উদ্দেশে বলেন, “আপনারা আমার জীবনের সেরা সময়গুলো দিয়েছেন। আপনাদের কারণে আমি কখনো একা হাঁটব না।”

লিভারপুল কর্তৃপক্ষ তার বর্ণাঢ্য ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঘোষণা করেছে, ২০২৫-২৬ মৌসুম শেষে দুই পক্ষের সম্মতিক্রমে এই বিচ্ছেদ কার্যকর হবে। মৌসুমের বাকি সময় সালাহ নিজের সেরাটা দিয়ে শেষ করবেন। তার পরবর্তী গন্তব্য সৌদি প্রো লিগ হবে কি অন্য কোনো ক্লাব, তা এখনও নির্দিষ্ট নয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top