সাফের সাফল্যের পর পরবর্তী লক্ষ্যের কথা জানালেন রোনান-ডেক্লানরা
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ১৫:৪৯
শুধু দক্ষিণ এশিয়ার আসরে সাফল্যে থেমে থাকতে চান না সুলিভান ভ্রাতৃদ্বয়। তাদের লক্ষ্য এখন আরও বড়- বাংলাদেশকে নিয়ে যেতে চান অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের মূল পর্বে। একই সঙ্গে বাংলাদেশের সমর্থকদের বিশ্বের সেরা হিসেবে আখ্যা দিয়েছেন রোনান ও ডেক্লান সুলিভান।
বাংলাদেশে জন্ম বা বেড়ে ওঠা না হলেও এই দেশের প্রতি তাদের আবেগের ঘাটতি নেই। নানির সূত্রে পাওয়া শেকড়ের টানে সুদূর যুক্তরাষ্ট্র থেকে এসে খুব অল্প সময়েই দেশের ফুটবলপ্রেমীদের মন জয় করে নিয়েছেন এই দুই ভাই।
লাল-সবুজের জার্সিতে প্রথমবার বয়সভিত্তিক দক্ষিণ এশীয় আসরে অংশ নিয়েই শিরোপা জয়ের গৌরব অর্জন করেছেন রোনান ও ডেক্লান। তবে তাদের দৃষ্টি এখন আরও বড় সাফল্যের দিকে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে বাংলাদেশকে এশিয়ার মূল মঞ্চে তুলে ধরাই তাদের প্রধান লক্ষ্য।
রোনান সুলিভান জানান, তিনি বাংলাদেশে এসেছেন জয়ের লক্ষ্যে। দক্ষিণ এশীয় আসরের শিরোপা দিয়ে যাত্রা শুরু হলেও এখানেই থেমে থাকতে চান না। দেশের হয়ে আরও অনেক শিরোপা জিততে চান তিনি। তার মতে, এখন সবচেয়ে বড় লক্ষ্য হলো বাংলাদেশকে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপের মূল পর্বে পৌঁছে দেওয়া।
অন্যদিকে, ডেক্লান সুলিভান বাংলাদেশের সমর্থকদের প্রশংসায় ভাসিয়েছেন। তার মতে, বিশ্বের আর কোথাও এমন নিবেদিতপ্রাণ সমর্থক পাওয়া কঠিন। মালদ্বীপের মতো বাংলাদেশেও সমর্থকদের উচ্ছ্বাস ও ভালোবাসা তাকে মুগ্ধ করেছে। এই ভালোবাসাই তাকে বারবার ফিরে আসতে অনুপ্রাণিত করে বলে জানান তিনি।
বর্তমানে দায়িত্ব শেষ হওয়ায় দুই ভাই যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন। তবে বাংলাদেশের ডাক পেলেই আবারও সাড়া দিতে প্রস্তুত রয়েছেন সুলিভান ভ্রাতৃদ্বয়।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।