মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

ম্যারাডোনার মৃত্যু নিয়ে রহস্য, নতুন করে আদালতে বিচার শুরু

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ এপ্রিল ২০২৬, ১৪:৫৪

ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুকে ঘিরে চিকিৎসাজনিত অবহেলার অভিযোগে আবারও নতুন করে বিচার কার্যক্রম শুরু হয়েছে। এক বিচারককে কেন্দ্র করে বিতর্ক ও নীতিগত লঙ্ঘনের অভিযোগে আগের বিচার প্রক্রিয়া বাতিল হওয়ার পর মঙ্গলবার নতুন করে এই মামলার কার্যক্রম শুরু হয়।

২০২০ সালের নভেম্বরে মৃত্যুর আগে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর নিজ বাসায় চিকিৎসাধীন ছিলেন ম্যারাডোনা। হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার কয়েক দিনের মধ্যেই তার মৃত্যু হলে বিষয়টি নিয়ে ব্যাপক প্রশ্ন ওঠে। পরবর্তীতে অভিযোগ করা হয়, তার চিকিৎসায় নিয়োজিত দলের অবহেলার কারণেই এই বিশ্বকাপজয়ী অধিনায়কের মৃত্যু হয়েছে।

এই মামলায় মোট সাত সদস্যের একটি চিকিৎসা দলকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে চিকিৎসক, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সেবাকর্মী রয়েছেন। ম্যারাডোনার হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তার চিকিৎসার দায়িত্বে ছিলেন তারা।

এর আগে ২০২৫ সালের মে মাসে এক বিচারকের বিরুদ্ধে একটি প্রামাণ্যচিত্রে সংশ্লিষ্টতার অভিযোগ উঠলে পুরো বিচার প্রক্রিয়া বাতিল করা হয়। পরে সেই বিচারক জুলিয়েতা মাকিনতাখের বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়াও শুরু হয়।

নতুন করে শুরু হওয়া এই বিচারে প্রায় ১২০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হবে বলে জানা গেছে। আদালত নির্ধারণ করবে, চিকিৎসকদের অবহেলা ম্যারাডোনার মৃত্যুর জন্য দায়ী কি না। অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের ৮ থেকে ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

এই বিচারকে কেন্দ্র করে আবারও আলোচনায় উঠে এসেছে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ম্যারাডোনার মৃত্যু রহস্য।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top