রবিবার, ৮ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

সুদানে আরএসএফের ড্রোন হামলায় শিশুসহ নিহত ২৪

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫১

সংগৃহীত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশে আধাসামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ)-এর চালানো এক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ২৪ জন বাস্তুচ্যুত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন শিশু রয়েছে, যাদের মধ্যে দুজন ছিল দুগ্ধপোষ্য।

সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাতে জানা যায়, যুদ্ধের হাত থেকে বাঁচতে ডুবেকার এলাকা ছেড়ে পালিয়ে আসা একটি পরিবারবাহী যানবাহনকে লক্ষ্য করে রাহাদ শহরের কাছে এই হামলা চালানো হয়। হামলায় ঘটনাস্থলেই বহু মানুষ প্রাণ হারান।

এর আগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উত্তর কর্দোফানের বিভিন্ন এলাকায় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ত্রাণ বহর ও জ্বালানি ট্যাংকার লক্ষ্য করে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়। ওই হামলায় অন্তত একজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন।

উত্তর কর্দোফান রাজ্য সরকার এই হামলাকে নেক্কারজনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। একই সঙ্গে আরএসএফ নেতৃত্বের বিরুদ্ধে কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপের জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক এক বিবৃতিতে এই ঘটনাকে ‘আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন’ এবং একটি ‘যুদ্ধাপরাধ’ হিসেবে উল্লেখ করেছে। সংগঠনটি হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের দাবি জানিয়ে ত্রাণকর্মী ও মানবিক অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, দুর্ভিক্ষপীড়িত মানুষের জন্য পাঠানো খাদ্য সহায়তায় হামলা এবং সাধারণ মানুষকে লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

প্রায় তিন বছর ধরে চলমান সেনাবাহিনী ও আরএসএফের রক্তক্ষয়ী সংঘাতে সুদান বর্তমানে ইতিহাসের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের মুখে পড়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন এবং প্রায় ১ কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সুদানের ২ কোটিরও বেশি মানুষ তীব্র খাদ্য সংকটে ভুগছেন এবং দেশের বিস্তীর্ণ অঞ্চল দুর্ভিক্ষের কবলে পড়েছে।

 

সূত্র: আল জাজিরা

 

এনএফ৭১/ওতু

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top