ভোটে হেরে ভোটারদের কাছ থেকে টাকা ফেরত নিতে বাড়ি বাড়ি হানা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০১
ভারতের তেলেঙ্গানা পৌরসভা নির্বাচনে এক নজিরবিহীন ও চাঞ্চল্যকর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। নির্বাচনে পরাজয়ের পর ভোটারদের দেওয়া টাকা ফেরত নিতে বাড়ি বাড়ি হানা দিয়েছেন এক ভারতীয় জনতা পার্টি (বিজেপি) প্রার্থী ও তার পরিবার—এমন অভিযোগ উঠেছে।
ঘটনাটি ঘটেছে মাঞ্চেরিয়াল পৌর কর্পোরেশন-এর ৯ নম্বর ওয়ার্ডে। ২০২৬ সালের পৌরসভা নির্বাচনে ওই ওয়ার্ড থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন জাডি তিরুপতি। তবে ফলাফল ঘোষণার পর দেখা যায়, তিনি কংগ্রেস প্রার্থীর কাছে মাত্র ১৬ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।
এই সামান্য ব্যবধানে পরাজয় মেনে নিতে না পেরে তিরুপতি ও তার পরিবারের অভিযোগ—অনেক ভোটার টাকা নিয়েও তাকে ভোট দেননি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, পরাজয়ের পর তিরুপতির স্ত্রী রূপা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করছেন। তিনি ভোটারদের দাবি করছেন—যদি তারা সত্যিই তিরুপতিকে ভোট দিয়ে থাকেন, তবে ঈশ্বরের নামে শপথ করতে হবে। যারা শপথ নিতে অস্বীকার করছেন বা স্বীকার করছেন যে তারা ভোট দেননি, তাদের কাছ থেকে আগে দেওয়া টাকা ফেরত নেওয়া হচ্ছে।
একটি দৃশ্যে দেখা যায়, এক বৃদ্ধাকে জেরা করা হচ্ছে। সেখানে জানা যায়, ভোটপ্রতি তিন হাজার টাকা করে বিতরণ করা হয়েছিল। ওই বৃদ্ধার মেয়ে স্বীকার করেন, তার বাবা তিরুপতিকে ভোট দেননি এবং সেই হিসেবে তিনি ৩ হাজার টাকা ফেরত দেন। তবে তিনি নিজে ভোট দিয়েছেন দাবি করে নিজের অংশের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
ভিডিওটি প্রকাশ্যে আসার পর তেলেঙ্গানার রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। একদিকে অর্থের বিনিময়ে ভোট কেনার অভিযোগ সামনে এসেছে, অন্যদিকে পরাজয়ের পর সেই টাকা ফেরত নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও বিদ্রূপ ছড়িয়ে পড়েছে।
ভোটার সচেতনতা বৃদ্ধিতে সরকারি নানা প্রচারণা চললেও এ ঘটনা নির্বাচনি ব্যবস্থার একটি নগ্ন চিত্র তুলে ধরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এখন দেখার বিষয়—ভিডিওটি ভাইরাল হওয়ার পর নির্বাচন কমিশন কিংবা স্থানীয় প্রশাসন অভিযুক্ত প্রার্থীর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কিনা।
সূত্র: ওয়ান ইন্ডিয়া
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।