মধ্যপ্রাচ্যে অর্ধশতাধিক যুদ্ধবিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১২
মধ্যপ্রাচ্যে মাত্র একদিনের ব্যবধানে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। বুধবার (১৭ ফেব্রুয়ারি) ফ্লাইট ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্যের ভিত্তিতে এ খবর জানা গেছে।
সুইজারল্যান্ডের জেনেভা শহরে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে পুনরায় বৈঠকে বসার প্রস্তুতি চলাকালীন কূটনৈতিক আলোচনার মধ্যেই সামরিক উপস্থিতি বাড়ানোর এই পদক্ষেপকে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
মোতায়েন করা যুদ্ধবিমানগুলোর মধ্যে রয়েছে এফ-২২ র্যাপ্টর, এফ-৩৫ লাইটনিং টু এবং এফ-১৬ ফাইটিং ফ্যালকন। এছাড়া একাধিক রিফুয়েলার বিমানও পাঠানো হয়েছে, যা আকাশে উড্ডয়নরত অন্যান্য যুদ্ধ ও পরিবহন বিমানকে জ্বালানি সরবরাহ করতে সক্ষম।
মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস-কে এক কর্মকর্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় অর্ধশতাধিক যুদ্ধবিমান ওই অঞ্চলে পাঠানো হয়েছে। এর আগে মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ বিভিন্ন যুদ্ধজাহাজের বড় বহর মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।
উল্লেখ্য, গত জানুয়ারিতে ইরানে ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা কঠোরভাবে দমন করে দেশটির নিরাপত্তা বাহিনী। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অভিযোগ তুলে ইরানকে ঘিরে সামরিক সক্ষমতা জোরদার করছে যুক্তরাষ্ট্র।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।