হঠাৎ পাকিস্তানের বিমান-ড্রোন হামলা, পাল্টা জবাবের প্রস্তুতি নিচ্ছে আফগানিস্তান
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬
সাম্প্রতিক একাধিক আত্মঘাতী হামলার পর পাকিস্তান হঠাৎ আফগানিস্তানের ভূখণ্ডে ঢুকে একযোগে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হামলার বিষয়টি স্বীকার করেছে। খবর দিয়েছে আল-জাজিরা।
আফগান সূত্রে জানা গেছে, হামলা পরিচালিত হয়েছে সীমান্তবর্তী পাকতিকা ও নানগারহার প্রদেশে। এছাড়া পাকতিকা প্রদেশের একটি ধর্মীয় স্কুলও ড্রোন হামলার লক্ষ্যবস্তু হয়েছে। পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, হামলাগুলোতে সন্ত্রাসী শিবির ও আস্তানাগুলোকে লক্ষ্য করা হয়েছে, যেগুলো পাকিস্তান তেহরিক-ই-তালেবান (টিটিপি) এবং তাদের সহযোগীদের সঙ্গে সংশ্লিষ্ট।
পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতটি শিবিরে ‘নির্বাচিত অভিযান’ চালানো হয়েছে। টিটিপি দীর্ঘদিন ধরে পাকিস্তানের ভেতরে হামলার দায়ে অভিযুক্ত। এছাড়া সীমান্ত অঞ্চলে আইএস-এর একটি সহযোগী গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ।
আল-জাজিরা জানিয়েছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়া প্রদেশ-এর বান্নু জেলায় আত্মঘাতী বোমা হামলার কয়েক ঘণ্টা পরই আফগানিস্তানে বিমান ও ড্রোন হামলা চালানো হয়। বান্নু জেলার হামলায় একজন লেফটেন্যান্ট কর্নেলসহ দুজন সৈনিক নিহত হন।
এর আগে, ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের তারলাই কালান এলাকায় খাদিজা তুল কুবরা মসজিদে আত্মঘাতী বোমা হামলায় ৩১ জন নিহত ও ১৭০ জন আহত হন। হামলার দায় স্বীকার করে আইএস।
পাকিস্তান অভিযোগ করেছে, আফগান ভূখণ্ড ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীগুলো পাকিস্তানে হামলা চালাচ্ছে, যদিও তালেবান সরকার বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।
অপর দিকে, পাকিস্তানের এই হামলার পর আফগানিস্তানের তালেবান সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা জরুরি বৈঠক করেন। বৈঠকে পাকিস্তানকে পাল্টা জবাব দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। আফগান সরকারের বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের হামলা আফগানিস্তানের ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করেছে এবং কাবুলের জবাব দেওয়ার অধিকার রয়েছে।
তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, পাকিস্তানের বিমানবাহিনী বেসামরিক মানুষের ওপর হামলা চালিয়েছে, এতে অন্তত ডজনখানেক মানুষের মৃত্যু হয়েছে।
জানা গেছে, আফগানিস্তানে পাকিস্তানের সর্বশেষ হামলায় এফ-১৬ ও জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ব্যবহার করা হয়েছে। উল্লেখ্য, গত বছর সীমান্তে বড় ধরনের সংঘর্ষের পর দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয়, তবে সাম্প্রতিক হামলার মাধ্যমে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পেয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।