সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭
ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র আগামী কয়েক মাসে সিরিয়া থেকে অবশিষ্ট সেনারা প্রত্যাহার করার প্রস্তুতি নিচ্ছে। হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এই তথ্য বিবিসিকে জানিয়েছেন।
অফিসিয়াল সূত্র জানিয়েছে, সিরিয়ার সরকার এখন নিজেদের সীমান্তে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দিতে প্রস্তুত। তাই সেখানে ব্যাপক মার্কিন সামরিক উপস্থিতির আর প্রয়োজন নেই।
২০১৫ সাল থেকে ইসলামিক স্টেটের (আইএসআইএস) প্রভাব মোকাবিলায় সিরিয়ায় সেনা মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। সেই সময় থেকে সিরিয়ায় মার্কিন সেনারা বিভিন্ন ঘাঁটিতে অবস্থান করছে। বর্তমানে সেখানে প্রায় ১ হাজার মার্কিন সেনা রয়েছেন। প্রত্যাহারের সিদ্ধান্ত অনুযায়ী, ধাপে ধাপে সকল সেনাকে দেশে ফিরিয়ে আনা হবে।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, আইএস এখনো বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে আছে। গোষ্ঠীটিকে নির্মূল করতে এবং মধ্যপ্রাচ্যে যে কোনো হুমকির জবাব দিতে মার্কিন বাহিনী প্রস্তুত।
ওই কর্মকর্তা আরও জানিয়েছেন, আইএসের উত্থানের সময় সিরীয় সরকারকে সহায়তা করতে যুক্তরাষ্ট্র সেনা পাঠিয়েছিল। তবে বর্তমানে সিরিয়ায় তুলনামূলকভাবে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং আইএসের হুমকিও আগের মতো শক্তিশালী নয়। ইতোমধ্যে একটি সেনাদল দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং সংশ্লিষ্ট ঘাঁটি সিরিয়ার সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যান সিরিয়ার নেতা আল-শারা, যা দেশটির ইতিহাসে কোনো সিরিয়ান নেতার প্রথম এ ধরণের সফর ছিল।
সিরিয়ার সরকারি বাহিনী বর্তমানে স্থানীয় সামরিক গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষ কমিয়ে চুক্তির মাধ্যমে কুর্দি-নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেসকে একীভূত করেছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।