যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে হামলা চালাল ইসরায়েল, নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৩৯
লেবাননের বেকা উপত্যকায় গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গভীর রাতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১২ জন নিহত এবং অর্ধশতাধিক আহত হয়েছেন। লেবানন সরকার ও সেনাবাহিনীর সূত্রে এ খবর নিশ্চিত করা হয়েছে। হামলার দায় স্বীকার করেছে তেলআবিবও।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, বালবেক এলাকায় ইরানের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। লেবানন সেনাবাহিনী জানায়, বালবেকে হিজবুল্লার কমান্ড সেন্টারে হামলায় সংগঠনের এক উচ্চপদস্থ নেতা নিহত হয়েছেন।
২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি অভিযান শুরুর পর হিজবুল্লা তেলআবিবের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করেছিল। এক বছর ধরে দু’পক্ষের সংঘর্ষ চলার পর গত বছরের শুরুতে আমেরিকা ও ফ্রান্সের মধ্যস্থতায় দুই পক্ষ সাময়িক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, সীমান্ত থেকে সেনা সরিয়ে নেওয়া এবং একে অপরের বিরুদ্ধে নতুন হামলা না চালানোর শর্ত ছিল।
তবে ইসরায়েল চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে বলে লেবানন অভিযোগ করেছে। সাম্প্রতিক হামলায় নিহত ও আহতের সংখ্যা চুক্তি লঙ্ঘনের গুরুতর প্রমাণ হিসেবে গণ্য হচ্ছে। লেবানন সরকারের মতে, দক্ষিণাঞ্চলে তাদের পাঁচটি কৌশলগত সামরিক অবস্থান এখনও ইসরায়েলের দখলে রয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের পরমাণু কর্মসূচি ও উত্তেজনার মধ্যে আমেরিকা নৌবহর মোতায়েন করেছে। এই প্রেক্ষাপটে লেবাননে ইসরায়েলি হামলা নতুন অশান্তির ঝুঁকি সৃষ্টি করতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।