বুড়িগঙ্গায় যুবতীকে নৌকায় তুলে সংঘবদ্ধ ধর্ষণ: ৪ আসামির যাবজ্জীবন
আইন-আদালত ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১৩:৫৩
ঢাকার কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদে ২০০৯ সালে সংঘটিত এক তরুণী ধর্ষণের মামলায় চার আসামিকে আজ রবিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, নিজাম এবং মনির হোসেন ওরফে সেন্টু। প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। আদালত নির্দেশ দিয়েছেন, জরিমানা আদায়ে আসামিদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভুক্তভোগী তার এক বান্ধবীর সঙ্গে আশ্রাফাবাদের নৌকা ঘাটে ঘুরতে যান। পরে আসামিরা তাকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক নৌকায় তুলে বুড়িগঙ্গা নদীতে নিয়ে যান এবং নদীর মাঝখানে পালাক্রমে ধর্ষণ করেন। এরপর তাকে একটি বাড়ির কক্ষে তালাবদ্ধ রাখা হয়।
পরিবারের দ্রুত হস্তক্ষেপে তরুণীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সুস্থ হওয়ার পর ভুক্তভোগী থানায় মামলা দায়ের করেন। ২০১০ সালের ৩১ অক্টোবর মামলাটি আদালতে অভিযোগপত্র হিসেবে দাখিল করা হয়।
মোট আটজনের সাক্ষ্যগ্রহণ ও আসামিদের আত্মপক্ষ সমর্থন ও যুক্তিতর্ক উপস্থাপনের পর আজ চারজনের বিরুদ্ধে যাবজ্জীবন ও অর্থদণ্ডের রায় প্রদান করা হলো। পলাতক সাইফুল ইসলামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।