রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২

গ্রিনল্যান্ডে ‘ভাসমান হাসপাতাল’ পাঠাচ্ছেন ট্রাম্প

আন্তজাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩২

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড-এ একটি ভাসমান হাসপাতাল জাহাজ পাঠানোর ঘোষণা দিয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রির সহায়তায় একটি বড় হাসপাতাল জাহাজ সেখানে পাঠানো হচ্ছে। ট্রাম্পের দাবি, গ্রিনল্যান্ডে অনেক অসুস্থ মানুষ সঠিক চিকিৎসা পাচ্ছেন না, তাই তাদের সেবা দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নিজের পোস্টের সঙ্গে তিনি যুক্তরাষ্ট্র নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘ইউএসএস মার্সি’-এর একটি চিত্রও যুক্ত করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের এই ঘোষণা কূটনৈতিক মহলে বিভ্রান্তি সৃষ্টি করেছে। কারণ গ্রিনল্যান্ড ও ডেনমার্কে উন্নত ও জাতীয়করণকৃত স্বাস্থ্যসেবা ব্যবস্থা বিদ্যমান, যা নাগরিকদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।

ড্যানিশ সরকার বা গ্রিনল্যান্ডের পার্লামেন্ট থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ডিসেম্বরে লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ করেছিলেন ট্রাম্প। ল্যান্ড্রি প্রেসিডেন্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অভিহিত করেছেন।

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গ্রিনল্যান্ড দখল বা কেনার বিষয়ে ট্রাম্পের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। গত জানুয়ারিতে তিনি ন্যাটোর প্রধানের সঙ্গে গ্রিনল্যান্ড নিয়ে ‘ভবিষ্যৎ চুক্তির রূপরেখা’ ঘোষণা করেছিলেন, যা ইউরোপীয় মিত্রদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

বর্তমানে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুটি ভ্রাম্যমাণ হাসপাতাল জাহাজ রয়েছে – ‘ইউএসএস মার্সি’ এবং ‘ইউএসএস কমফোর্ট’, যা সাধারণত মানবিক বিপর্যয় বা যুদ্ধের সময় ব্যবহৃত হয়। গ্রিনল্যান্ডে রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘পিটুফিক স্পেস বেস’।

ট্রাম্পের নতুন পদক্ষেপ মানবিক সহায়তা নাকি গ্রিনল্যান্ডের ওপর প্রভাব বিস্তার করার কৌশল, তা নিয়ে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে।

সূত্র: সিএনএন



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top