বৃহঃস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২

ভারতের আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০

ছবি: সংগৃহীত

বাংলাদেশসহ ৭০টি দেশের নৌবাহিনী ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তমে অনুষ্ঠিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে। মহড়াটি বুধবার (১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশ নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মহড়ায় অংশগ্রহণের জন্য পাঠিয়েছিল। খবর পিটিআইয়ের।

১৬ ফেব্রুয়ারি ‘সমুদ্র অভিযান’ ভারতে পৌঁছায়। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ডসহ ৭০টি দেশ এক বা একাধিক যুদ্ধজাহাজ পাঠিয়েছে। ইন্দোনেশীয় নৌবাহিনীর ফ্রিগেট কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের আল ইমারাত মহড়ায় অংশ নেয়। ভারতীয় নৌবাহিনী আইএনএস বিক্রান্ত দিয়ে প্রতিনিধিত্ব করেছে।

মহড়া শুরুর আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “এই মহড়া সামুদ্রিক ঐতিহ্যের প্রতি বিভিন্ন দেশের আস্থা, ঐক্য এবং শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন ভিন্ন পতাকাবাহী জাহাজ এবং দেশের নৌ সেনারা ঐক্যের চেতনা তুলে ধরছে। আমাদের মহড়ার থিম হলো সামুদ্রিক ঐক্য।”

তিনি আরও বলেন, “সম্মিলিত নৌবাহিনীর সংকল্প সব বাধা অতিক্রম করতে পারে এবং এটি বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা। সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে আমরা সবাই প্রতিশ্রুতিবদ্ধ। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে।”

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top