সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২

আবারও উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের প্রধান নির্বাচিত হলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৬

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন আবারও দেশটির ক্ষমতাসীন ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) পার্টি কংগ্রেসের চতুর্থ দিনের বৈঠকে এই নির্বাচন অনুষ্ঠিত হয়, যা দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন কেআরটি নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, কিম জং উন দেশের মর্যাদা আন্তর্জাতিক অঙ্গনে আরও উঁচুতে তুলেছেন এবং সেনাবাহিনীকে আরও শক্তিশালী ও আধুনিক করেছেন। একই বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির নতুন সদস্যরাও নির্বাচিত হয়েছেন। এছাড়া পার্টির বিভিন্ন নিয়ম-কানুন সংশোধনের বিষয়েও সিদ্ধান্ত হয়েছে, তবে বিস্তারিত জানানো হয়নি।

বিশ্লেষকরা মনে করছেন, কিম বৈঠকটি নতুন সামরিক লক্ষ্য ঘোষণা ও অর্থনৈতিক “আত্মনির্ভরতা” জোরদার করার জন্য ব্যবহার করতে পারেন। এর মধ্যে রয়েছে প্রচলিত বাহিনীকে শক্তিশালী করা, সেগুলোকে পারমাণবিক সক্ষমতার সঙ্গে একীভূত করা এবং গণ-সংহতির মাধ্যমে জাতীয় অর্থনীতি সমৃদ্ধ করা। মহামারী পরবর্তী সময়ে চীনের সঙ্গে বাণিজ্য ধীরে ধীরে বেড়েছে এবং রাশিয়ায় অস্ত্র রপ্তানিও বৃদ্ধি পেয়েছে।

উল্লেখ্য, ২০১৬ সাল থেকে প্রতি পাঁচ বছর অন্তর কংগ্রেসে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়। ৪২ বছর বয়সী কিম তার শাসনামলে দলের শীর্ষ পদে রয়েছেন। ২০১৬ সালে তার পদবি ‘প্রথম সচিব’ থেকে ‘চেয়ারম্যান’ হয়েছিল এবং ২০২১ সালে দলীয় কাউন্সিলে তিনি সাধারণ সম্পাদক হন।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top