রাষ্ট্রদ্রোহ মামলায় দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্টের যাবজ্জীবন কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১৬:৪৪
দক্ষিণ কোরিয়ার একটি আদালত রাষ্ট্রদ্রোহে নেতৃত্ব দেওয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল-কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ২০২৪ সালের ডিসেম্বরে সামরিক শাসন জারির ব্যর্থ প্রচেষ্টার ঘটনায় তাকে দোষী সাব্যস্ত করা হয়।
আদালতের রায়ে বলা হয়েছে, সাংবিধানিক শৃঙ্খলা ভেঙে ক্ষমতা ধরে রাখার উদ্দেশ্যে তিনি সামরিক বাহিনীকে ব্যবহার করার চেষ্টা করেছিলেন। ওই সময় বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রেসিডেন্ট লি জে মিয়ং-কে আটক করার নির্দেশ দেওয়ার অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
এ মামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং-হিউন-কেও দোষী সাব্যস্ত করা হয়েছে। তাকে ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া সাবেক গোয়েন্দা প্রধান রোহ সাং-উন-কে ১৮ বছর, সাবেক পুলিশ প্রধান চো জি-হো-কে ১২ বছর, সিউল মেট্রোপলিটন পুলিশের সাবেক প্রধান কিম বং-সিক-কে ১০ বছর এবং ন্যাশনাল অ্যাসেম্বলি পুলিশ গার্ডের সাবেক প্রধান মোক হিউন-তায়েক-কে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত জানিয়েছে, রায়ের বিরুদ্ধে আসামিরা এক সপ্তাহের মধ্যে আপিল করতে পারবেন।
উল্লেখ্য, এই রায় এসেছে সাবেক প্রধানমন্ত্রী হান ডাক-সু-র সাজা ঘোষণার পরপরই। গত মাসে তাকে ২৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
এই রায়ের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়ার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটল বলে বিশ্লেষকদের ধারণা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।