বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দৌড়েও মিটিংয়ে ৫ মিনিট দেরি, জাতির কাছে ক্ষমা চাইলেন জাপানের প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ০৯:৩৩

ছবি: সংগৃহীত

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে নির্ধারিত বৈঠকে মাত্র পাঁচ মিনিট দেরিতে পৌঁছানোয় পুরো জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন দেশটির অর্থনৈতিক নিরাপত্তাবিষয়ক প্রতিমন্ত্রী কিমি ওনোদা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

খবরে বলা হয়, সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে একটি বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল কিমি ওনোদার। তবে পথে একটি সড়ক দুর্ঘটনার কারণে তিনি নির্ধারিত সময়ের প্রায় পাঁচ মিনিট পরে সেখানে পৌঁছান।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, গাড়ি থেকে নেমেই দ্রুত দৌড়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে যাচ্ছেন তিনি। এ সময় তাকে বারবার সময়ের দিকে তাকাতে দেখা যায়। বৈঠক শুরু হয়ে যাওয়ার পর তিনি সেখানে পৌঁছান।

পরে সাংবাদিকদের সামনে দেরি হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে দুঃখ প্রকাশ করেন কিমি ওনোদা। তিনি বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দেরি হয়েছে। তবে ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।

জাপানে সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়। তাই সামান্য কয়েক মিনিট দেরি হলেও অনেক সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে দেখা যায়।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top