বিবিসি বাংলাকে এক কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিশ মাহদীর
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১০:৫৫
আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলার বিরুদ্ধে এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করে আইনি নোটিশ পাঠিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসান।
মঙ্গলবার (১০ মার্চ) রাত সাড়ে আটটার দিকে নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মাহদীর পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির বিবিসি বাংলাকে এ নোটিশ পাঠান। বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বিবিসি বাংলার প্রধান সম্পাদক মীর সাব্বির বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট প্রতিবেদন প্রত্যাহার করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
মাহদী হাসান জানান, তার বিরুদ্ধে প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিবাদ এবং ‘অন্যায় ও মানহানিকর’ তথ্যের প্রতিকার চেয়ে এ নোটিশ পাঠানো হয়েছে।
তার দাবি, গত ২১ ফেব্রুয়ারি বিবিসি বাংলা তার সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে তার কাছে ৪০ লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি থাকার বিষয়সহ বিভিন্ন তথ্য উল্লেখ করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি অভিযোগ করেন।
মাহদীর অভিযোগ, যথাযথ যাচাই-বাছাই ছাড়াই ওই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যা তার ব্যক্তি ও সামাজিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। এ কারণে বিবিসি বাংলার কাছে তিনি এক কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।