বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

একদিনের ব্যবধানে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১১ মার্চ ২০২৬, ১০:৩৯

ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। মাত্র এক দিনের ব্যবধানে ভরিতে দুই হাজার দুইশ ষোল টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। ফলে এখন বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে দুই লাখ সত্তর হাজার চারশ ত্রিশ টাকা।

বুধবার সকালে বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্ধারিত দাম আজ সকাল দশটা থেকেই কার্যকর হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি বাইশ ক্যারেটের স্বর্ণের দাম দুই লাখ সত্তর হাজার চারশ ত্রিশ টাকা। এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ আটান্ন হাজার একশ চব্বিশ টাকা নির্ধারণ করা হয়েছে। আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই লাখ একুশ হাজার দুইশ ছেষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ আশি হাজার ছয়শ সতেরো টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত দশ মার্চ সকালে দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। সেদিন ভরিতে তিন হাজার দুইশ ছেষট্টি টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ আটষট্টি হাজার দুইশ চৌদ্দ টাকা নির্ধারণ করা হয়েছিল।

সেই সময় একুশ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ ছাপ্পান্ন হাজার পঁচিশ টাকা। আঠারো ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল দুই লাখ উনিশ হাজার চারশ আটান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল এক লাখ ঊনআশি হাজার একশ ঊনষাট টাকা।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে মোট চল্লিশবার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ছাব্বিশবার দাম বাড়ানো হয়েছে এবং চৌদ্দবার কমানো হয়েছে। আর গত বছরে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট তিরানব্বইবার। এর মধ্যে চৌষট্টিবার দাম বেড়েছিল এবং ঊনত্রিশবার কমানো হয়েছিল।

স্বর্ণের পাশাপাশি এবার রুপার দামও বাড়ানো হয়েছে। ভরিতে একশ পঁচাত্তর টাকা বাড়িয়ে বাইশ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ছয় হাজার সাতশ সাত টাকা।

এছাড়া একুশ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ছয় হাজার চারশ পনেরো টাকা, আঠারো ক্যারেটের প্রতি ভরি রুপার দাম পাঁচ হাজার চারশ বিরাশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম চার হাজার বিরাশি টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে রুপার দাম পঁচিশবার সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ষোলোবার দাম বাড়ানো হয়েছে এবং নয়বার কমানো হয়েছে। গত বছরে মোট তেরোবার রুপার দাম সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে দশবার দাম বেড়েছিল এবং তিনবার কমেছিল।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top