মুসলিম বিশ্বের প্রতি ইরানের খোলা চিঠি
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৬:১২
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের দেশগুলোর প্রতি পাশে থাকার আহ্বান জানিয়ে খোলা চিঠি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার প্রধান ও সচিব আলী লারিজানি।
আরবি ভাষায় লেখা ওই চিঠিতে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে একদিকে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, অন্যদিকে প্রতিরোধী শক্তি।
চিঠিতে মুসলিম দেশগুলোর উদ্দেশে আলী লারিজানি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র কোনো দেশের প্রতি বিশ্বস্ত নয় এবং ইসরায়েল তাদের শত্রু। তিনি সবাইকে এক মুহূর্ত থেমে এই অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে ভাবার আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, ইরান সবসময় মুসলিম দেশগুলোর প্রতি আন্তরিক এবং কখনো তাদের ওপর আধিপত্য বিস্তারের চেষ্টা করেনি।
ইরান বর্তমানে ‘মার্কিন-জায়নবাদী আগ্রাসনের’ শিকার বলেও দাবি করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানকে ধ্বংস করার লক্ষ্যেই এই যুদ্ধ শুরু করেছে। তবে দুঃখজনকভাবে, এমন পরিস্থিতিতে মুসলিম দেশগুলোর সমর্থন খুবই সীমিত বলে উল্লেখ করেন তিনি।
চিঠিতে আরও বলা হয়, এই যুদ্ধ শেষ পর্যন্ত আগ্রাসী শক্তির জন্যই ক্ষতিকর হবে। কারণ, ইরানের জনগণ সহজে পরাজয় মেনে নেবে না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ফেব্রুয়ারিতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানা ২১ দিন সংলাপ চলে। তবে কোনো সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
এর পরদিন ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। একই সময়ে ইসরায়েলও পৃথক সামরিক অভিযান চালায়।
এর জবাবে ইরান ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিকে লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।
এমন পরিস্থিতিতে এই খোলা চিঠি দিল ইরান, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের ভূখণ্ডে ইরানি হামলার নিন্দা জানাচ্ছে।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।