দাম্পত্য কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে স্ত্রীর থানায় আত্মসমর্পণ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬, ১৭:১৬
বাগেরহাটের মোরেলগঞ্জে পারিবারিক বিরোধের জেরে স্বামীর ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় স্বামীর গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনার পর তিনি থানায় গিয়ে আত্মসমর্পণ করলে পুলিশ তাকে হেফাজতে নেয়।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত লিটন শেখ (৪৬) বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, লিটন শেখ ও তার স্ত্রীর প্রায় ১৬-১৭ বছরের দাম্পত্য জীবন ছিল। তবে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ঘটনার রাতে লিটন শেখ ঘুমিয়ে থাকাকালীন সময় তার ওপর এই হামলা চালানো হয়।
চিৎকার শুনে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হলেও অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসকদের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার অবস্থা আশঙ্কাজনক এবং শরীরের গুরুত্বপূর্ণ অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, অভিযুক্ত নারী ঘটনার পরদিন সকালে থানায় এসে আত্মসমর্পণ করেন। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।