রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২২ মার্চ ২০২৬, ০৯:৫২

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি পুরোপুরি চালু না করলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালিয়ে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি।

শনিবার (২১ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ হুঁশিয়ারি দেন ট্রাম্প।

বার্তায় তিনি বলেন, এই মুহূর্ত থেকে ৪৮ ঘণ্টার মধ্যে ইরান যদি হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে এবং কোনো ধরনের হুমকি ছাড়াই খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে হামলা চালাবে। সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র দিয়েই এ হামলা শুরু করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

তবে কোন বিদ্যুৎকেন্দ্রকে সবচেয়ে বড় হিসেবে বিবেচনা করা হচ্ছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি ট্রাম্প। তার নির্ধারিত সময়সীমা অনুযায়ী, হরমুজ প্রণালি খুলে দেওয়ার শেষ সময় পড়বে সোমবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাতের দিকে।

এদিকে ট্রাম্পের এমন হুমকির জবাবে ইরানও পাল্টা সতর্কবার্তা দিয়েছে। দেশটি জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো ও পানিসংক্রান্ত স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।

উল্লেখ্য, এ হুমকির মাত্র একদিন আগেই ট্রাম্প মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা কমিয়ে আনার ইঙ্গিত দিয়েছিলেন। তখন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top