ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদি আরবের, সম্মিলিত পদক্ষেপের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৩:৪৯

ছবি: সংগৃহীত

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ ইরানের ওপর কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি সৌদি আরব ও পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা চালায়, তা আর সহ্য করা হবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে সম্মিলিত বড় সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি। একই সঙ্গে তেহরানকে তাদের আঞ্চলিক কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি।

রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ইরান ইচ্ছাকৃতভাবে পরিকল্পিত হামলা চালাচ্ছে, যদিও ইরানি কূটনীতিকরা তা অস্বীকার করছে। হামলার লক্ষ্যবস্তুতে লক্ষ্যনীয় নির্ভুলতা দেখা গেছে, যা আগে থেকে পরিকল্পনা ও চিন্তাভাবনা করে করা হয়েছে।

তিনি আরও সতর্ক করে বলেন, সৌদি আরবের ধৈর্যের সীমা আছে, কিন্তু তা অসীম নয়। হামলার বিরুদ্ধে কখন প্রতিক্রিয়া জানানো হবে তা প্রকাশ করা বুদ্ধিমানের কাজ হবে।

এর আগে, ইরান উপসাগরীয় অঞ্চলের জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে বলে দাবি করা হয়। এতে কাতারের রাস লাফান গ্যাস ফ্যাসিলিটি এবং সংযুক্ত আরব আমিরাতের হাবশান গ্যাস ফ্যাসিলিটি ক্ষতিগ্রস্ত হয়। কাতার সরকার এই হামলার কঠোর নিন্দা জানিয়েছে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর আগেই হুমকি দিয়েছিল যে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।

আজ সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রিয়াদকে লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে। একইভাবে সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, তারা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই সংঘাত শেষ হলেও ইরানের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন দীর্ঘ সময়সাপেক্ষ হবে, কারণ আস্থা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তিনি সতর্ক করে বলেন, যদি হামলা অব্যাহত থাকে, ভবিষ্যতে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে উঠবে। সূত্র: আল জাজিরা

এনএফ৭১/একে



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top