পাকিস্তানের করাচিতে ছাদ ধসে ১৩ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬, ১৪:৪৫
পাকিস্তানের করাচিতে প্রবল বৃষ্টি ও বজ্রঝড়ে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একটি জরাজীর্ণ ভবনের ছাদ ও দেয়াল ধসে ১৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উদ্ধারকারী সংস্থাগুলো।
স্থানীয় সময় বুধবার রাতে করাচির বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির সময় এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে ভয়াবহ ঘটনা ঘটে শহরের বালদিয়া টাউনের সাজ্জান গোঠ এলাকায়। সেখানে একটি পুরোনো ভবনের দেয়াল ধসে পড়ে বহু মানুষ হতাহত হন। নিহতদের মরদেহ ও আহতদের করাচি সিভিল হাসপাতালে নেওয়া হয়েছে।
উদ্ধারকারীরা জানান, ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
প্রাথমিকভাবে জানা গেছে, বৃষ্টির হাত থেকে বাঁচতে কয়েকজন ওই জরাজীর্ণ ভবনে আশ্রয় নিয়েছিলেন। তাদের অনেকেই মাদকাসক্ত ছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এদিকে, শহরের বিভিন্ন এলাকায় পৃথক দুর্ঘটনাও ঘটেছে। কোরঙ্গী ৫ নম্বর এলাকায় গাছ পড়ে এক ব্যক্তি মারা গেছেন। ক্লিফটন এলাকায় গাছ উপড়ে পড়ে এক নারী নিহত এবং দুজন আহত হয়েছেন।
এ ঘটনায় সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ শোক প্রকাশ করেছেন এবং দ্রুত উদ্ধার ও সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জিয়া লাঞ্জার ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব ঘটনাস্থল পরিদর্শন করে উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন।
এছাড়া লান্ধির মজিদ কলোনিতে দেয়াল ধসে এক নারীসহ দুজন নিহত হয়েছেন এবং তিনজন আহত হয়েছেন। মালির নদীর কাছে ইয়ারু গোঠ এলাকায় বজ্রপাতে আরও একজনের মৃত্যু হয়েছে।
উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, শহরজুড়ে বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় অন্তত সাতজন আহত হয়েছেন।
এনএফ৭১/একে
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।